রাষ্ট্রক্ষমতায় আসার পর বিএনপি তাদের নির্বাচনী অঙ্গীকার রক্ষা না করে জনগণের সঙ্গে চরম বিশ্বাসভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছেন রাষ্ট্রচিন্তার সদস্য সেলিম খান। তিনি দাবি করেন, নির্বাচনের আগে সংস্কারের যেসব প্রতিশ্রুতি দিয়ে দলটি জনসমর্থন আদায় করেছিল, সরকার গঠনের স্বল্প সময়ের মধ্যেই তারা সেই পথ থেকে বিচ্যুত হয়ে নতুন করে ‘প্রতারণার’ উদাহরণ তৈরি করেছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘স্বাধীনতার ঘোষণাপত্র থেকে জুলাই সনদ: প্রতারণার ফাঁদে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেলিম খান তার বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে জনগণের সঙ্গে ঘটা ধারাবাহিক বিশ্বাসঘাতকতার চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, একাত্তরে যে সাম্য ও মানবিক মর্যাদার লক্ষ্যে অগণিত মানুষ প্রাণ দিয়েছিলেন, বাহাত্তরে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ সেই চেতনা থেকে সরে গিয়ে একক আধিপত্য প্রতিষ্ঠা করে। একইভাবে ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর তিনদলীয় জোটের রূপরেখা অনুযায়ী গণতান্ত্রিক কাঠামো গড়ার যে সুযোগ তৈরি হয়েছিল, বিএনপি ক্ষমতায় এসে জনগণের সেই প্রত্যাশাকে পদদলিত করে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি বলেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের অবসান ঘটাতে গিয়ে যে গণঅভ্যুত্থানে শত শত মানুষ জীবন দিলেন, সেই ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন সম্ভাবনাও এখন হুমকির মুখে।
সেলিম খান অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি বিভিন্ন সংস্কার প্রস্তাবের পক্ষে লিখিত অঙ্গীকার করলেও এখন জনস্বার্থে নেওয়া বিভিন্ন অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। তার মতে, গত ৫০ বছর ধরে প্রধান দুই রাজনৈতিক দলই ক্ষমতার লোভে বারবার জনগণের সাথে বেইমানি করেছে এবং বর্তমানেও সেই একই ধারার পুনরাবৃত্তি ঘটছে। ক্ষমতার এই দুর্বৃত্তায়ন ও সংস্কার বিমুখতা ঠেকাতে তিনি জনগণকে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের মূল ভিত্তিই ছিল রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন। কিন্তু বর্তমানে সেই সংস্কারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় দেশ আবারও একটি সংকটময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অহিংস গণঅভ্যুত্থান আন্দোলনের সভাপতি আবুল বাশার, অ্যাক্টিভিস্ট শহিদুল্লাহ ফরাজি এবং জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।







