ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি। তার এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম নেওয়ার পর সাংবাদিকদের ফারজানা সিঁথি বলেন, “আমি অফিসিয়ালি একটি ব্রিফ করবো, তখন বিস্তারিত জানাবো। নড়াইল-২ আসন থেকে ফরম নিয়েছি। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনয়ন পাব।”
যশোরের বাসিন্দা ফারজানা সিঁথি অতীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী।
এর আগে ২০২৪ সালের আগস্টে শাহবাগ এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার পর সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি ব্যাপক আলোচনায় আসেন।
তার রাজনীতিতে যুক্ত হওয়ার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজনৈতিক মহলে নতুন করে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।







