আর্কাইভ
ads
logo

পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২২ এপ্রিল ২০২৬, ১১:০০ এ.এম
পিরোজপুরে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

ছবি : সংগৃহীত

ads

পিরোজপুরের জিয়ানগরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বিটুমিন জব্দ করেছে স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের বাসিন্দা ইবাদুল কবির বাদল হাওলাদারের বাসভবন থেকে ৭৫ ব্যারেল বিটুমিন উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার এসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত বিটুমিনগুলো দীর্ঘদিন ধরে ওই বাড়িতে পড়ে ছিল বলে জানা গেছে।

বাড়ির মালিক বাদল হাওলাদার এই বিটুমিনের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় তিনি ঢাকায় অবস্থান করায় কে বা কারা তার বসতবাড়িতে এই মালামাল রেখেছে, সে সম্পর্কে তিনি অবগত নন। তবে স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল বাদল হাওলাদারের ভাতিজা ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের এলাকা থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছিল পুলিশ। ঝালকাঠি সদরের একটি মামলার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ ও ট্রাক চালকের তথ্যের ভিত্তিতে সেই অভিযান চালানো হয়েছিল। বর্তমানের উদ্ধারকৃত বিটুমিনগুলোও একই ব্যক্তির হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার পলাশ হাওলাদার জানান, তিনি এই বিটুমিন সম্পর্কে কিছুই জানেন না। তার দাবি, প্রতিপক্ষ কোনো গোষ্ঠী তাকে সামাজিকভাবে হেয় করতে বা ফাঁসাতে এই কাজের সাথে তার নাম জড়াচ্ছে। তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন।

জিয়ানগর থানার এসআই সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৭৫ ব্যারেল বিটুমিন সম্পর্কে বাড়ির মালিক কোনো সদুত্তর দিতে পারেননি। জনস্বার্থে পুলিশ মালামালগুলো জব্দ করে থানায় নিয়ে এসেছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, ইতিমধ্যে বেশ কয়েকজন বিটুমিনের মালিকানা দাবি করে যোগাযোগ করেছেন। উপযুক্ত দালিলিক প্রমাণ উপস্থাপন করতে পারলে আদালতের মাধ্যমে সেগুলো প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য যে, সম্প্রতি ঝালকাঠী সদর, রাজাপুর, বরগুনার বেতাগী এবং বাগেরহাটের মোড়েলগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানায় বিটুমিন চুরির একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলার বাদীরা উদ্ধারকৃত এই বিটুমিন তাদের হতে পারে বলে দাবি করছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ