আর্কাইভ
ads
logo

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১ মে ২০২৬, ০৮:০৯ পি.এম
রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত

ads

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ মে) ভোর থেকে রাঙামাটি রাজবন বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পার্বত্য ভিক্ষুসংঘ, বাংলাদেশ-এর উদ্যোগে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়, যা পুরো শহর প্রদক্ষিণ করে।

ঐতিহাসিকভাবে প্রায় আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমা তিথিতে মহামানব গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, বুদ্ধত্ব লাভ করেন এবং মহাপরিনির্বাণে উপনীত হন। এই ত্রিস্মৃতিবিজড়িত দিনটিকেই প্রতিবছর বৌদ্ধ সম্প্রদায় শুভ বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করে থাকে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির রাজবন বিহারে ভোরে কেক কাটা হয়। এরপর বুদ্ধ পতাকা হাতে নিয়ে একটি ধর্মীয় শোভাযাত্রা বিহার প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, পিণ্ডদান, বুদ্ধমূর্তিদান, পঞ্চশীল প্রার্থনা, শীল পালন, সংঘদান, অষ্টপরিষ্কারদান, হাজারবাতি প্রজ্বলন ও ধর্মীয় দেশনা অনুষ্ঠিত হয়। বিকেলে সূত্রপাঠ এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের কর্মকর্তা ও সদস্যসহ বিপুল সংখ্যক পুণ্যার্থীর উপস্থিতি ছিল। এ সময় রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের, ভদন্ত জ্ঞানপ্রিয় মহাথেরসহ অন্যান্য ভিক্ষুরা উপস্থিত ভক্তদের উদ্দেশে ধর্মীয় দেশনা প্রদান করেন।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ