জ্বালানি সংকট সমাধান না হলে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সোমবার (১১ মে) রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা শুধু বিডার একক দায়িত্ব নয়। সরকারের অভ্যন্তরে একাধিক স্তরের প্রশাসনিক কাঠামো থাকায় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জটিলতা তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট নিরসন না হলে বিনিয়োগকারীদের আস্থা অর্জন কঠিন হবে। একই সঙ্গে আসন্ন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।
এদিকে অনুষ্ঠানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা পরিচালনা করা প্রায় ‘কঠিন পরিস্থিতির’ মধ্যে পড়ে গেছে। তার মতে, ব্যবসার জন্য অনুকূল ও সৎ পরিবেশ নেই এবং এর পেছনে প্রধান কারণ আমলাতান্ত্রিক জটিলতা।
তিনি আরও বলেন, সরকার বর্তমানে ৬ থেকে ৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দিচ্ছে, তবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।







