ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস অধ্যায়ের একটি বিরল ট্রেডিং কার্ড রেকর্ড দামে বিক্রি হয়েছে। ২০১৮ সালের ‘পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ সংস্করণের সেই কার্ডটি বিক্রি হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি ৫৩ লাখ টাকা।
‘ফ্যানাটিকস কালেক্ট’-এর মাধ্যমে ব্যক্তিগতভাবে সম্পন্ন হওয়া এই বিক্রির তথ্য ইএসপিএনকে নিশ্চিত করেছে ফ্যানাটিকস কর্তৃপক্ষ।
রোনালদোর কোনো ট্রেডিং কার্ডের জন্য এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রিমূল্য। ফুটবল ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ দামের কার্ড বিক্রির রেকর্ড। তালিকার শীর্ষে রয়েছে লিওনেল মেসির ‘রুকি’ কার্ড, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে ১৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ‘লিওনেল মেসি ২০০৪ পানিনি মেগা ক্রাকস পিএসএ ১০’ নামের সেই কার্ডটির মূল্য ছিল প্রায় ১৮ কোটি ৩৬ লাখ টাকা।
ফুটবল ইতিহাসে প্রথম ১০ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করা ট্রেডিং কার্ড ছিল ব্রাজিল কিংবদন্তি পেলের। তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকার ‘রুকি কার্ড’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ১৩ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ফুটবল ইতিহাসে সেটি এখন তৃতীয় সর্বোচ্চ মূল্যের কার্ড বিক্রির রেকর্ড।
এর আগে গত ২২ মে ‘ফ্যানাটিকস প্রিমিয়ার’ নিলামে রোনালদোর আরেকটি কার্ড ৪ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়ে তার ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড গড়েছিল। ২০১৫ সালের ‘পানিনি ফ্ললেস ফিনিশেস ব্ল্যাক’ সংস্করণের সেই ‘১-অব-১’ কার্ডে রোনালদোর অটোগ্রাফও ছিল। কার্ড গ্রেডিং প্রতিষ্ঠান ‘প্রফেশনাল স্পোর্টস অথেনটিকেটর’ (পিএসএ) কার্ডটির মান ৭ এবং অটোগ্রাফের মান ১০ নির্ধারণ করেছিল।
তবে সদ্য বিক্রি হওয়া ‘২০১৮ পানিনি কাবুম গ্রিন ১-অব-১’ কার্ডটিকে আরও বেশি বিরল হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, ‘পানিনি কাবুম গ্রিন প্যারালাল’ সংস্করণের এই কার্ডটি পৃথিবীতে একটিই তৈরি করা হয়েছিল।
কমিক বইয়ের অনন্য শিল্পশৈলী ও ডিজাইনের কারণে পানিনির ‘কাবুম’ সেট আধুনিক যুগের বিভিন্ন খেলার সংগ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ২০১৮ সালে ৫০ জন খেলোয়াড়কে নিয়ে এই বিশেষ সেট বাজারে আনা হয়, যা কেবল ‘পানিনি রিওয়ার্ডস’ কর্মসূচির আওতায় মাল্টিস্পোর্ট প্যাকেজে পাওয়া যেত।
পাঁচ বছর আগে বাজারে আসা সাধারণ সংস্করণের পাশাপাশি এই সেটে যুক্ত করা হয়েছিল অনন্য ‘গ্রিন ১/১’ সংস্করণ। এ কারণেই বিশ্বজুড়ে বড় সংগ্রাহকদের কাছে সেটটির চাহিদা অত্যন্ত বেশি।
‘কাবুম’ ডিজাইনের যাত্রা শুরু হয় ২০১৩-১৪ মৌসুমে পানিনি ইনোভেশন বাস্কেটবল কার্ডের মাধ্যমে। পরে এটি ফুটবল, বেসবলসহ বিভিন্ন খেলাধুলার সংগ্রহযোগ্য কার্ডে জনপ্রিয়তা পায়।
এদিকে আল নাসরের হয়ে প্রথমবার সৌদি প্রো লিগ জয়ের আনন্দে থাকা ৪১ বছর বয়সী রোনালদো আগামী বিশ্বকাপেও খেলবেন। তাকে রেখেই পর্তুগালের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ Roberto Martínez।







