আর্কাইভ
ads
logo

বিশ্বকাপ শুরুর আগে ইনজুরির শঙ্কায় মাঠ ছাড়লেন মেসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ মে ২০২৬, ১১:৫৫ পি.এম
বিশ্বকাপ শুরুর আগে ইনজুরির শঙ্কায় মাঠ ছাড়লেন মেসি

ads

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকতে বড় ধরনের ইনজুরি শঙ্কায় পড়েছেন লিওনেল মেসি। গত রোববার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন হঠাৎ করেই মাঠ ছাড়েন আর্জেন্টিনার এই তারকা।

বৃষ্টিভেজা নু স্টেডিয়ামে ম্যাচের ৭৩তম মিনিটে মেসি বাঁ পায়ের পেছনের অংশে অস্বস্তি অনুভব করেন এবং মাঠ ছাড়ার ইশারা দেন। এরপর তাকে তুলে নেওয়া হয়। তবে মাঠ থেকে টানেলের দিকে যাওয়ার সময় ৩৮ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তিকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গেছে। ম্যাচে ইন্টার মায়ামি ফিলাডেলফিয়াকে ৬-৪ ব্যবধানে হারায়।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গুইলার্মো হোয়োস জানান, মেসির ইনজুরির প্রকৃতি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মাঠের পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলকভাবেই তাকে উঠিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, 'আমাদের কাছে এখনো কোনো মেডিকেল রিপোর্ট আসেনি, তবে দ্রুতই পেয়ে যাব। সে মূলত ক্লান্তিবোধ করছিল। মাঠও বেশ ভারী ছিল। তাই কোনো ঝুঁকি না নিয়ে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।'

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসির খেলাধুলার চাপ নিয়ন্ত্রণে সতর্ক ভূমিকা পালন করছে ক্লাব কর্তৃপক্ষ। ব্যস্ত সূচির কারণে কোচিং স্টাফরা তাকে একাধিক ম্যাচে বিশ্রাম দিয়ে থাকেন। এর আগে হ্যামস্ট্রিং সমস্যার কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে, এমনকি চলতি বছরের শুরুতে প্রাক-মৌসুমের কিছু ম্যাচও তিনি খেলতে পারেননি।

বিশ্বকাপের আগে যেকোনো বড় ইনজুরি আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত আসরে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই নামবে দলটি।

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর পাঁচ দিন পর ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা তাদের অভিযান শুরু করবে। বিশ্বকাপ বিরতির আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ।

মেসির অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন কিংবদন্তিকে। আগামী সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। এরপর প্রস্তুতি ম্যাচ খেলতে দলটি যুক্তরাষ্ট্রে যাবে, যেখানে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ