ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ জামাল উদ্দিন ওরফে বাবু নামের এক মাদক কারবারিকে আইনের আওতায় এনেছে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার ২৬ মে বিকেলের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ঘনশ্যামপুর নামক এলাকা থেকে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।
আটককৃত জামাল উদ্দিন উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সেজামুড়া গ্রামের বাসিন্দা মো. হাছু মিয়ার সন্তান। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের বিষয়ে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমিতাভ দাস তালুকদার জানান, আউলিয়া বাজার এলাকা থেকে সাধারণ যাত্রীর ছদ্মবেশে একটি ইজিবাইক বা টমটমে চড়ে চম্পকনগরের দিকে যাচ্ছিলেন জামাল উদ্দিন।
পথিমধ্যে ঘনশ্যামপুর পাকা রাস্তার ওপর স্থাপিত পুলিশের একটি নিয়মিত তল্লাশি চৌকিতে সন্দেহভাজন হিসেবে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার আচরণে সন্দেহ হলে দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।







