পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর কুড়িগ্রামে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একই পরিবারের যমজ তিন বোনের অনন্য সাফল্য। তারা তিনজনই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও পুরো জেলায় আনন্দের আবহ তৈরি করেছে।
গত ১২ জুলাই প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া তিন শিক্ষার্থী হলেন তাহিয়া রহমান, তাকিয়া রহমান ও তাবিয়া রহমান। তারা কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক এবং শাহিনা আকতারের সন্তান। পরিবারটি কুড়িগ্রাম পৌর শহরের টেক্সটাইল মোড় এলাকায় বসবাস করে।
বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন। অন্যদিকে তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে এবং তাবিয়া কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।
তিন বোন গণমাধ্যমকে জানায়, ছোটবেলা থেকেই বাবা-মা তাদের পড়াশোনায় নিয়মিত উৎসাহ দিয়েছেন। শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের সহযোগিতা এবং নিজেদের কঠোর পরিশ্রমের ফলেই তারা এই সাফল্য অর্জন করতে পেরেছে। ভবিষ্যতেও আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারা সবার কাছে দোয়া চেয়েছে।
তাদের বাবা অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক বলেন, তিন মেয়ের একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন তার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। তিনি এ অর্জনের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তানদের এই সাফল্যের পেছনে তাদের মা শাহিনা আকতারের আন্তরিক যত্ন, ধৈর্য ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন।
কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. গোলেনুর বেগম বলেন, একই পরিবারের তিন বোনের এমন সাফল্য বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তিনি আশা প্রকাশ করেন, তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও আরও মনোযোগী ও পরিশ্রমী হতে অনুপ্রাণিত করবে।
একই পরিবারের যমজ তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের এই ঘটনা শুধু তাদের পরিবারের জন্য নয়, কুড়িগ্রাম জেলার জন্যও গর্বের। অধ্যবসায়, পারিবারিক সহযোগিতা এবং শিক্ষার প্রতি নিষ্ঠা কীভাবে সাফল্যের পথ তৈরি করে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে তাদের এই অর্জন।







