বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

ট্রাম্পের অনুরোধে মুক্তি পেলেন চার বছর ধরে বন্দি মার্কিনি

রাশিয়ায় চার বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকা মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড মুক্তি পেয়েছেন। ইউক্রেনে ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াই করার অভিযোগে তাঁকে আটক রাখা হয়েছিল। সেন্ট পিটার্সবার্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফরের পর তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

মিশিগানের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবার্ডকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘অন্যায়ভাবে আটক’ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি হাবার্ডের বিষয়টি তুলে ধরেন।

হাবার্ডের মুক্তির জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দেশটির নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ট্রাম্পের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন এই মুক্তি।

ইংরেজি শিক্ষক হিসেবে কয়েক দশক বিদেশে কাটানোর পর ২০১৪ সালে পূর্ব ইউক্রেনের ইজিয়াম শহরে বসবাস শুরু করেন হাবার্ড। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে শহরটি দখল করে নেয় রুশ বাহিনী। রাশিয়ার প্রসিকিউটরদের দাবি, মাসে প্রায় এক হাজার ডলারের চুক্তিতে ইজিয়ামে যুদ্ধ করেছিলেন হাবার্ড। তবে তাঁর বোন প্যাট্রিসিয়া হাবার্ড ফক্স এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।

হাবার্ড মুক্তি পেলেও রাশিয়ার কারাগারে এখনও বহু মার্কিন নাগরিক বন্দি রয়েছেন। এর আগে গত আগস্টে গুরুতর অসুস্থ মেরিন ভেটেরান রবার্ট গিলম্যানকে মানবিক কারণে মুক্তি দেয় রাশিয়া।

তবে আর্মেনীয় বংশোদ্ভূত আন্দ্রে খাচাতুরিয়ান, টেক্সাসের ডেভিড বার্নস, আলেকজান্ডার আন্তোনভ, ওলগা জেজলার এবং মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য চাক জিমারম্যানসহ আরও অনেকে রুশ কারাগারে সাজা ভোগ করছেন। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অন্যায় বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র আশা প্রকাশ করেছেন, হাবার্ড ও গিলম্যানের মুক্তি রাশিয়ায় অন্যায়ভাবে আটক থাকা অন্য মার্কিন নাগরিকদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার পথ সহজ করবে।