রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর সন্দেহ করেন। হাসপাতালে আসার কারণ জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে দাবি করেন তাঁরা।
এরপর একদল ব্যক্তি তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। আলম শেখ রাজধানীর রূপনগর এলাকার বাসিন্দা।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, পরিবারের সদস্যরা আলম শেখকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।