শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

২৪ ঘণ্টায় মাত্র ১ ঘণ্টা বিদ্যুৎ, মনপুরায় বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের বিক্ষোভ

ভোলার মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজীরহাট বাজারের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডাকবাংলো মোড় এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

কর্মসূচি শেষে ব্যবসায়ীরা উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলামের কাছে বিদ্যুৎ সরবরাহের সমস্যা ও তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন।

ব্যবসায়ীদের অভিযোগ, দিনে-রাতে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বর্তমানে ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। এ অবস্থায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় বাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবিও জানান ব্যবসায়ীরা।

জানা গেছে, মনপুরায় পাওয়ার হাউসের জেনারেটরের মাধ্যমে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করে ওজোপাডিকো। তবে গত কয়েক মাস ধরে যন্ত্র নষ্ট থাকার অজুহাতে ২৪ ঘণ্টায় মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ী ও গ্রাহকদের। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এর আগে বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র করে ওই কার্যালয়ে হামলার ঘটনাও ঘটেছে।

হাজীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী নিজাম উদ্দিন ও হাজী বেলায়াত হোসেন বলেন, দিনের বেলায় বিদ্যুৎ পাওয়া যায় না, আর রাতে পাওয়া যায় মাত্র এক ঘণ্টা। ফলে ব্যবসায়ীরা নিয়মিত লোকসানের মুখে পড়ছেন। এ পরিস্থিতির প্রতিবাদ জানাতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কে এম ফরিদুল ইসলাম বলেন, তাঁদের তিনটি জেনারেটরের মধ্যে দুটি নষ্ট থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী পাঁচ দিনের মধ্যে জেনারেটরগুলো সচল করা সম্ভব হলে হাজীরহাট বাজারে টানা তিন ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হবে।