বরগুনার বামনা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় রাফান জোমাদ্দার আকাশ নামে এক নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বামনা-পাথরঘাটা সড়কের চাড়াখালী এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এ সময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান।
মিছিলের খবর পেয়ে বামনা থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে আটক করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খাঁন বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।