সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২), শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা (১৮) এবং দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির। আমির স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। তাদের সীমান্ত পার করে দেওয়ার জন্য স্থানীয় পাচারকারী আমিরের সঙ্গে চুক্তি হয়েছিল। ঘটনার সময় অর্থের বিনিময়ে তাদের ভারতীয় দালালদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা চলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বাঁশতলা বিওপির বিজিবি সদস্যরা আরমান ছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের অপর দুই সদস্য দোয়ারাবাজারের অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) কৌশলে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচারের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।