সিলেটে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে গান গাওয়ায় এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনারের সই করা আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।
প্রত্যাহার হওয়া এএসআই উজায়ের ফারুক জালালাবাদ থানায় কর্মরত ছিলেন। তাঁকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাতে সিলেট নগরের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন উজায়ের ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের আয়োজনে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই গান করেন তিনি।
পরে তাঁর গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাঁকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, নিরাপত্তার দায়িত্বে থেকে অন্য কাজে যুক্ত হওয়া দায়িত্বে অবহেলার শামিল। এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দিতে জালালাবাদ থানার সহকারী কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উজায়ের ফারুকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।