ইসরায়েলে তৈরি নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ ব্যবহারে সরকারি কর্মীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া সরকার। অ্যাপটির ইসরায়েলি যোগসূত্রকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ফিলিস্তিনি আন্দোলনের জোরালো সমর্থক। দেশটির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল সরকারের কাছে মালয়েশিয়ার সরকারি তথ্য ও নাগরিকদের ব্যক্তিগত উপাত্ত চুরি হওয়ার সম্ভাবনা ঠেকাতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
‘ওয়েজ’-এর মূল প্রতিষ্ঠান গুগল এবং সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর এক দিন আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেছিলেন, ‘ওয়েজ’ ব্যবহারের কারণে তৈরি হতে পারে এমন নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখছে সরকার। তাঁর ভাষ্য অনুযায়ী, অ্যাপটি ইসরায়েলি আইনের অধীনে পরিচালিত হয়।
বিকল্প হিসেবে মালয়েশিয়ান হাইওয়ে অথরিটির তৈরি স্থানীয় মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মালয়েশিয়া সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর মঙ্গলবার সরকারি দপ্তরগুলোর প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে জানান, ইসরায়েলি আইনের অধীনে পরিচালিত হওয়া এবং তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে সব সরকারি কর্মচারীর জন্য ‘ওয়েজ’ অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। চিঠিতে বলা হয়, নিষেধাজ্ঞাটি অবিলম্বে কার্যকর হবে।
প্রধানমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন।
ইসরায়েলে তৈরি ‘ওয়েজ’ অ্যাপ চালকদের তাৎক্ষণিক যানজট ও সড়ক পরিস্থিতির তথ্য দিতে স্যাটেলাইট সংকেত এবং ব্যবহারকারীদের কাছ থেকে সংগৃহীত উপাত্ত কাজে লাগায়। ২০১৩ সালে গুগল অ্যাপটি অধিগ্রহণ করে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।