বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা, দুই পা হারিয়েছেন হেলেন হেইনস

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় তিনি দুই পা হারিয়েছেন। তাঁর স্বামী ফিল হেইনস বিষয়টি নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষের ভাষ্য, এটি ছিল ইচ্ছাকৃত হামলা।

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা, দুই পা হারিয়েছেন হেলেন হেইনস
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় তিনি দুই পা হারিয়েছেন। তাঁর স্বামী ফিল হেইনস বিষয়টি নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষের ভাষ্য, এটি ছিল ইচ্ছাকৃত হামলা।

ফিল হেইনস জানান, ওই ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তবে তিনি বেঁচে আছেন—এটাই তাঁদের কাছে সবচেয়ে বড় স্বস্তির বিষয়। শারীরিকভাবে গুরুতর আঘাত পেলেও হেলেনের মনোবল ভালো রয়েছে বলে জানান তিনি।

গত বুধবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরের ওয়াঙ্গারাট্টা শহরে হেলেনের কার্যালয়ের সামনে তাঁর ওপর টয়োটা ল্যান্ডক্রুজার তুলে দেওয়া হয়। ঘটনার পরপরই অভিযুক্ত ৪৩ বছর বয়সী নুজেন্টকে গ্রেপ্তার করা হয়। বুধবার প্রথমবারের মতো তাঁকে আদালতে হাজির করা হয়।

মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে ফিল হেইনস বলেন, “তার (হেলেন) সুস্থ হয়ে ওঠার পথটি দীর্ঘ এবং কঠিন হবে, তবে আমরা জানি সে একজন লড়াকু যোদ্ধা।”

তিনি আরও বলেন, “সে একজন দৃঢ়চেতা মানুষ। সে আমাদের ভালোবাসা ও সহযোগিতায় সুস্থ হয়ে ওঠার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আর সেটাই আমাদের প্রত্যাশা।”

হেলেন বর্তমানে মেলবোর্নে চিকিৎসাধীন। তাঁর স্বামী হাসপাতালের কর্মী। হেলেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি, তাঁদের পাশে দাঁড়াতে আগ্রহীদের ‘সেভ দ্য চিলড্রেন’ তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানান।

ফিল হেইনস বলেন, “অনুগ্রহ করে হেলেনকে ভালোবাসা পাঠাতে থাকুন।”

বুধবার স্থানীয় আদালতে নুজেন্টের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলো হলো—বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তার ক্ষতি করা।

পুলিশ জানিয়েছে, নুজেন্টের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনা হতে পারে। তিনি জামিনের আবেদন করেননি। আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁকে আবার আদালতে হাজির হতে হবে।

আদালতের নথিতে নুজেন্টের বিরুদ্ধে গাঁজা চাষ ও দখলে রাখার অভিযোগের কথাও উল্লেখ রয়েছে। আদালতে তাঁর আইনজীবী জানান, নুজেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।