জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব পদে কে আসছেন, তা নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে এনসিপি সরকার গঠন করলে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান এবং দলের অন্য নেতাদের কোন কোন মন্ত্রণালয়ে দেখতে চান, সে বিষয়েও নিজের মত তুলে ধরেছেন তিনি। পাশাপাশি রাজনীতি থেকে আগেভাগে অবসরে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন এই নেতা।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের দুটি মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, এনসিপি সরকার গঠন করলে দলের নেতাদের মধ্যে পারস্পরিক আলোচনা ও সহযোগিতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন করা হবে। সেখানে কোনো একক ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করবেন না। তিনি মনে করেন, দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পেলে মানুষের সেবা করার সুযোগ বেশি পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহী হওয়ার কারণ ব্যাখ্যা করে পাটওয়ারী বলেন, এই মন্ত্রণালয়কে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কাজ করতে হয়। রাজনৈতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তিনি নিজেকে উপযুক্ত মনে করেন।
এ ছাড়া ব্যবসায় শিক্ষায় পড়াশোনা ও চাকরির অভিজ্ঞতার কারণে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রেও নিজের সক্ষমতা রয়েছে বলে মনে করেন তিনি। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন উল্লেখ করে পাটওয়ারী বলেন, এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারবেন।
সাক্ষাৎকারে এনসিপির অন্য নেতাদের সম্ভাব্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েও নিজের মতামত জানান পাটওয়ারী। তাঁর মতে, হাসনাতকে জনপ্রশাসন মন্ত্রণালয়, আখতার হোসেনকে আইন মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তাঁরা ভালোভাবে কাজ করতে পারবেন। এ ছাড়া পরিবহণ খাতের সঙ্গেও দলের এক নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।
এদিকে এনসিপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনার বিষয়ে কথা বলতে গিয়ে মহাসচিব পদে কে আসবেন, সেই প্রশ্নেরও জবাব দেন পাটওয়ারী। তিনি দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চান বলে জানান। একই সঙ্গে রাজনীতি থেকে আগেভাগে অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে একটু আগেভাগেই অবসরে যেতে চাই।’