মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়াবিষয়ক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রাথমিক লক্ষ্য ভারতের পূর্ব উপকূল হলেও এর পরোক্ষ প্রভাবে বাংলাদেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সন্ধ্যা থেকে ২৮ অক্টোবর সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের উপকূলে আঘাত হানতে পারে। তবে ঝড়ের গতিপথ ও সময়ের পরিবর্তনের সঙ্গে এ পূর্বাভাসও বদলে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর পরোক্ষ প্রভাবে ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে দেশজুড়ে একটি শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য ঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। এ কারণে গভীর সাগরে থাকা মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।