বুধবার, 18 নভেম্বর 2026
সকল বিভাগ

হাসিনা ও পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের নামে থাকা বিভিন্ন স্থাবর সম্পদও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

হাসিনা ও পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি টাকা অবরুদ্ধ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের নামে থাকা বিভিন্ন স্থাবর সম্পদও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থার সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানান। তিনি বলেন, চলমান মামলার অংশ হিসেবে এসব ব্যাংক হিসাবের অর্থ অবরুদ্ধ করা হয়েছে।

জব্দ করা স্থাবর সম্পদের বিবরণ তুলে ধরে দুদক সচিব জানান, পূর্বাচলে ৬০ কাঠা জমি জব্দ করা হয়েছে, যার দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া বারিধারায় একটি বিলাসবহুল বাড়ি, নয়টি ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪০ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এসব সম্পদের দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮২০ টাকা।

দুদক সচিব আরও জানান, শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে রেড নোটিস অ্যালার্ট জারি করা হয়েছে।

এ ধরনের নোটিস জারির কারণ জানতে চাইলে তিনি বলেন, “আপনারা জানেন যে রেড নোটিসগুলো হচ্ছে যখন আমাদের আসামি দেশের বাইরে থাকে, তাদেরকে যখন আমাদের দেশের আইন অনুযায়ী গ্রেপ্তার করতে পারি না, তখন আমরা রেড নোটিসগুলো পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো আমরা জারি করে থাকি।

“আমাদের উদ্দেশ্য হচ্ছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফেরত নিয়ে আসা। এই কারণে রেড নোটিসগুলো জারি করে থাকি।”

যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের ক্ষেত্রে রেড নোটিস কার্যকর করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নে দুদক সচিব বলেন, “এটার বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের প্রক্রিয়া অনুসরণ করেছি। পরবর্তীতে যাদের যেটা করণীয় যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্টারপোলের যে বিষয়গুলো আছে সেটা তারা দেখবে। আমাদের অংশ যেটা করণীয় ছিল সেটা আমরা করেছি, রেড নোটিসটা আমরা অ্যালার্ট জারি করেছি।”

রেড নোটিস কার্যকর হতে কত সময় লাগবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি তিনি।

সজীব ওয়াজেদ জয়ের সম্পদের তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্রের কাছে পারস্পরিক আইনি সহায়তা চেয়ে অনুরোধ পাঠানো হয়েছে বলেও জানান দুদক সচিব। তিনি বলেন, “আমাদের যে তদন্ত প্রতিবেদনে আসছে যে, ইউএসএতে তার যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে। এই তথ্যগুলো সংগ্রহ করার জন্যই আমরা এমএলএ প্রেরণ করেছি। জবাব পেলে আমরা পরবর্তী কার্যক্রম নিতে পারব।”

তিনি জানান, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিটি মামলার জন্য আলাদা তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কমিশন নিয়মিত তদন্তের অগ্রগতি পর্যালোচনা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা শুধু সংখ্যায়ই না, আমরা প্রমাণ সংগ্রহে বেশি জোর দিচ্ছি।”

মামলার তদন্তের মান বজায় রাখা, আদালতে যথাযথ প্রমাণ উপস্থাপন এবং বিদেশে থাকা সম্পদ পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দুদক সচিবের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক। এর মধ্যে ১৭টি মামলা তদন্তাধীন রয়েছে এবং সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত ছয়টি মামলার রায় হয়েছে।

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। ওই অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

ট্রাইব্যুনালে হত্যাসহ আরও অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতেও তাঁর বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে মামলার বিচার চলছে।