শ্রমিক অসন্তোষ ও অরাজক পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।
মাহমুদ হাসান খান বলেন, ‘মজুরি বোর্ড গঠিত হয়েছে ১ নভেম্বর। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে। গত মাসে যা হয়েছে সেটিকে যদি আমরা যৌক্তিক বলি, তাহলে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই যৌক্তিক নয়। মজুরি বোর্ড গঠিত হয়ে গেছে।’
তিনি আরও বলেন, সবচেয়ে জরুরি বিষয়—কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে। তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।’
সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি অমল পোদ্দার এবং বিজিএমইএর সহসভাপতি রেজওয়ান সেলিম ও মিজানুর রহমানসহ দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
চলমান অস্থিরতার কারণে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম সচল রাখা যাচ্ছে না বলে লিখিত বক্তব্যে জানান বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, সামগ্রিক নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় এসব কারখানা চালু রাখা সম্ভব হচ্ছে না। শ্রম অসন্তোষের কারণে উৎপাদন চালাতে ব্যর্থ হলে আগামীকাল থেকে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন মালিকেরা।
মাহমুদ হাসান খান জানান, শনিবার সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। আরও ৯২টি কারখানা উৎপাদন চালানোর চেষ্টা করেও পারেনি। ফলে সেগুলো ছুটি দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শ্রম আইন অনুযায়ী, যেসব কারখানার কার্যক্রম চলমান আছে এবং নিয়মিত উৎপাদন চালাতে পারছে, তাদের ১৩ (১) ধারায় কারখানার বন্ধ করার কোনো বিধান নেই। তবে যাঁরা চালাতে পারছেন না, এটা অঞ্চলভেদে যেকোনো জায়গাতেই হোক না কেন, তাঁদের সেই অধিকার আছে।’
বিজিএমইএ ও বিকেএমইএর অনুরোধে এত দিন কারখানাগুলো চালু রাখার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে মাহমুদ হাসান খান বলেন, প্রতিদিন সকালে উৎপাদন শুরু করলেও এক ঘণ্টার বেশি চালানো সম্ভব হয়নি। এ কারণে কারখানা বন্ধ রাখার আইনগত অধিকার মালিকদের রয়েছে।
অরাজক পরিস্থিতির জন্য দায়ীদের শনাক্ত করা বিজিএমইএর পক্ষে সম্ভব নয় বলে জানান সংগঠনটির সভাপতি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কাজ করছে। যারা অরাজকতা করছে, তারা ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেটওয়ার্কের মধ্যে এসেছে।
এর আগে শনিবার সকালে বিজিএমইএ কার্যালয়ের মিলনায়তনে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এক হাজারের বেশি তৈরি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সভায় সদস্যদের মতামত তুলে ধরে মাহমুদ হাসান খান বলেন, ‘তাঁরা একটি কথা জোর দিয়ে বলেছেন, কারখানায় ভাঙচুর চলবে, রাস্তাঘাট অবরোধ করবে, একই সময়ে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে আমরা ১৬ নভেম্বরের (সোমবার) মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেব। আমরা আশা করব, আগামী ১–২ দিনে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। এরপরও যদি চলে তাহলে আমরা আবার বসে সিদ্ধান্ত নেব।’
বিশৃঙ্খল পরিস্থিতি বন্ধে শ্রমিক সংগঠনগুলোর কার্যকর ভূমিকা ছিল না বলেও অভিযোগ করেন বিজিএমইএর সভাপতি। তাঁর ভাষ্য, মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মী ও শ্রমিক প্রতিনিধি সাধারণ কর্মীদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শ্রমিকদের অধিকার নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন না থাকলেও সদস্য থাকে। আমাদের প্রত্যাশা হচ্ছে যেসব শ্রমিক ফেডারেশনের সদস্য যেসব কারখানায় আছে, সেখানে তাঁরা এমন ভূমিকা নেবেন যাতে অরাজক পরিস্থিতি তৈরি না হয়। যদি ন্যূনতম মজুরি বোর্ডকে সুস্থিরভাবে কাজ করতে না দেওয়া হয়, আমরা যদি এই বিশৃঙ্খল পরিস্থিতিতে রাস্তায় ব্যস্ত থাকি, শ্রমিকনেতারাও রাস্তায় ব্যস্ত থাকেন, তাহলে সঠিক মজুরি প্রস্তাব কীভাবে দেবেন।’