সোমবার, 16 নভেম্বর 2026
সকল বিভাগ

শেষ মুহূর্তের ভুলে পাকিস্তানের কাছে হেরে সাফের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

শেষ দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। শনিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

শেষ মুহূর্তের ভুলে পাকিস্তানের কাছে হেরে সাফের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
ছবি: সংগৃহীত

শেষ দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। শনিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে গতিময় ফুটবল উপহার দেয়। দুই পক্ষই গোলের সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে পোস্ট ও গোলরক্ষকদের দৃঢ়তায় গোল পায়নি কেউ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে শ্রাবণের একটি ভুলের মাশুল দিতে হয় বাংলাদেশকে।

ম্যাচের যোগ করা সময়ে হারের হতাশায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সমর্থকদের একাংশ। গ্যালারি থেকে বিভিন্ন রঙের আতশবাজি মাঠের দিকে ছুড়ে মারা হয়। কয়েকটি আতশবাজি মাঠের ভেতরে পড়লে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় খেলার মাঠ। এ কারণে প্রায় তিন মিনিট খেলা বন্ধ থাকে।

পুনরায় খেলা শুরু হলে বলের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিশ্বনাথের সঙ্গে পাকিস্তানের খেলোয়াড়দের বাগ্‌বিতণ্ডা হয়। পরিস্থিতি শান্ত হওয়ার পর কর্নারের কাছাকাছি জিদানের সঙ্গে গোলদাতা আব্দুল সামাদ শেহজাদের ধাক্কাধাক্কি হয়। রেফারি দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এরপর খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ বাঁশি বাজান রেফারি। প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাঠেই উদ্‌যাপনে মেতে ওঠেন পাকিস্তানের খেলোয়াড়েরা। অন্যদিকে ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে খেলার এবং ২০০৩ সালের পর দ্বিতীয়বার শিরোপা জয়ের বাংলাদেশের স্বপ্ন শেষ হয়ে যায়।

এই ম্যাচের জন্য একাদশে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। চোটের কারণে মাঠের বাইরে থাকা সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসাকে খেলান তিনি।

গ্রুপ পর্ব শেষে দলের সঙ্গে যোগ দেওয়া পাঁচ প্রবাসী ফুটবলারকে নিয়েই একাদশ সাজান পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো। তাঁরা হলেন সুইডেনপ্রবাসী ডিফেন্ডার আব্দুল্লাহ ইকবাল ও ফরোয়ার্ড আলি আকবর খান, ইংল্যান্ডপ্রবাসী ডিফেন্ডার এশাহ সুলাইমান ও মিডফিল্ডার আদিল নবি এবং ডেনমার্কপ্রবাসী উইঙ্গার আব্দুল সামাদ শেহজাদ।

সেমিফাইনালে সমর্থকদের গ্যালারিতে চেয়েছিলেন বাংলাদেশ কোচ ডুলি। তাঁর সেই প্রত্যাশা পূরণ করে দর্শকে ভরে ওঠে গ্যালারি। সমর্থকদের উল্লাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণে যায় পাকিস্তান। বক্সের বাইরে থেকে বল নিয়ে কিছুটা এগিয়ে জোরালো শট নেন আলি উজাইর মাহমুদ। দ্রুত ঝাঁপিয়ে পড়ে ফিস্ট করে বলটি ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ।

পাঁচ মিনিট পর বক্সের একটু বাইরে থেকে কাজেম শাহ কিরমানির নিচু শট সহজেই আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট। ১৬তম মিনিটে রাকিবের বাঁ পায়ের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়। এর আগে মহিবুল্লাহর চ্যালেঞ্জে পড়ে যান ইতোফুসা। তবে রেফারি ফাউলের বাঁশি বাজাননি।

২৩তম মিনিটে ফারহানের কর্নার থেকে বক্সে শমিতের হেডের পর শট নেন রাকিব। পাকিস্তানের গোলরক্ষক বাট ঝাঁপিয়ে বলটি ছুঁয়ে দিলে তা পোস্টের বাইরের দিকে লাগে। পরে জুনাইদ আহমেদ বল ক্লিয়ার করেন।

২৯তম মিনিটে প্রথম কুলিং ব্রেকের পর গোল হজমের কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। বক্সের ভেতরে জটলার মধ্যে কাজী তারিক রায়হান আব্দুল সামাদ শেহজাদকে আটকে রাখতে পারেননি। শেহজাদের শট পোস্টে লেগে ফিরে এলে দ্রুত কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন জিদান আলেক্সান্ডার ইউসুফ।

প্রথমার্ধের শেষ দিকে ইতোফুসার দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে পাকিস্তানের রক্ষণে চাপ বাড়ায় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে বারবার আক্রমণে ওঠেন ইতোফুসা। তবে পাকিস্তানের জমাট রক্ষণ ভেদ করে গোলের দেখা পায়নি স্বাগতিকেরা। ৬২তম মিনিটে ইতোফুসাকে তুলে মোহাম্মদ ইব্রাহিমকে মাঠে নামান ডুলি।

এর কিছুক্ষণ পর বক্সের বাইরে থেকে আদিলের নেওয়া ফ্রি-কিক ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন শ্রাবণ। ৭৬তম মিনিটে রহমত মিয়াকে তুলে বিশ্বনাথ ঘোষকে নামান বাংলাদেশ কোচ। কিছুক্ষণ পর পাকিস্তানের হারিস আলির শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

৮২তম মিনিটে সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান শ্রাবণ। তিন মিনিট পর এশাহ সুলাইমানের কাছের পোস্ট লক্ষ্য করে নেওয়া শটও আটকে দেন তিনি।

এরপরই ঘটে ম্যাচের ভাগ্য নির্ধারণী ভুল। লম্বা থ্রো থেকে বল হাতে নিয়ে সতীর্থের বদলে পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে তুলে দেন শ্রাবণ। সতীর্থের পাস পেয়ে বক্সে ঢুকে জিদান ও জায়ানের মাঝ দিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান সামাদ। শ্রাবণ ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।

এই জয়ে ২০১৮ সালে সাফের আসরে বাংলাদেশের কাছে ১-০ গোলে হারের প্রতিশোধও নেয় পাকিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এসেছে সমতা। আট ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের জয় তিনটি করে; বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।