বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের জন্য ইসরাইলি অ্যাপ নিষিদ্ধ

ইসরাইলে তৈরি নেভিগেশন অ্যাপ ওয়েজ (Waze) ব্যবহারের ওপর সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া সরকার। অ্যাপটির ইসরাইলি উৎস এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের জন্য ইসরাইলি অ্যাপ নিষিদ্ধ

ইসরাইলে তৈরি নেভিগেশন অ্যাপ ওয়েজ (Waze) ব্যবহারের ওপর সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া সরকার। অ্যাপটির ইসরাইলি উৎস এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ওয়েজ অ্যাপ ব্যবহারের কারণে কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে মালয়েশিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মতে, অ্যাপটি ইসরাইলের আইন মেনে পরিচালিত হতে বাধ্য।

জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, মানুষের ব্যক্তিগত তথ্য ও পরিচয়ের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

তবে ওয়েজ অ্যাপ ব্যবহারে ঠিক কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রধানমন্ত্রী। বিকল্প হিসেবে মালয়েশিয়া হাইওয়ে কর্তৃপক্ষের তৈরি স্থানীয় মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ (Tuju) ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে, সরকারি সংস্থাগুলোর প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির প্রধান সচিব শামসুল আজরি আবু বকর জানিয়েছেন, সরকারি কর্মীদের জন্য ওয়েজ অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞাটি অবিলম্বে কার্যকর হবে।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন।

ওয়েজ ইসরাইলি প্রযুক্তিতে তৈরি একটি নেভিগেশন অ্যাপ। স্যাটেলাইট সংকেত এবং চালকদের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে অ্যাপটি সড়কের যানজটের হালনাগাদ পরিস্থিতি জানায়। ২০১৩ সালে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রায় ১০০ কোটি ডলারে অ্যাপটি অধিগ্রহণ করে।