সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ১৩৪টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬১টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৩টি। এসব ফ্লাইটের কারণে এখন পর্যন্ত ২০ হাজার ২৫৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান বিধিনিষেধের কারণে ফ্লাইট পরিচালনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের স্বাভাবিক যাত্রা নিশ্চিত করতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।