বুধবার, 18 নভেম্বর 2026
সকল বিভাগ

আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি উঠেছে জাতীয় সংসদে।

আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে মারধরের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তারের দাবি উঠেছে জাতীয় সংসদে। একই সঙ্গে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতিও চেয়েছেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।

মঙ্গলবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।

নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তাঁর সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। রড দিয়ে পিটিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাজিবুর রহমান বলেন, “সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন এবং তার সহযোগীরা সেই সম্মানিত আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার বলেছেন, তিনি জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য। তারপরও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে।”

এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি করে তিনি বলেন, “এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আইনমন্ত্রী আছেন। এখানে আমাদের সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য রয়েছেন। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম, আইনমন্ত্রীর একটা বিবৃতি আশা করছিলাম।”

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে নাজিবুর রহমান বলেন, “আমরা আশা করেছিলাম, যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এ জন্য বিষয়টি তুললাম। এই বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা আশা করছি এবং বিবৃতি আশা করছি।”

সাম্প্রতিক সময়ে যুবদল নেতা নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তরসহ নানা অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আজিমপুর থেকে আওয়ামী লীগ কর্মী আখ্যা দিয়ে দুই ব্যক্তিকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ পাওয়া যায় তাঁদের বিরুদ্ধে।

এর আগের দিন শুক্রবার ঢাকার শান্তিনগর এলাকা থেকে মহিউদ্দিন আহমেদ রুদ্র নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধর করে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগ ওঠে নয়ন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। রুদ্রকে আটক করা থেকে থানায় নেওয়া পর্যন্ত পুরো ঘটনাটি বিভিন্ন ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

পল্টন থানায় নেওয়ার পর একটি ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, “ওসি সাহেব, আপনাদের জন্য মেহমান নিয়ে এলাম। মেহমানের হাত থেকে ফোনটা নেন। আমরা তারে ওসি সাহেবের হাতে দিয়ে গেলাম। বাকিটা উনারা বুঝবেন। আমাদের রুদ্র ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলেন, এখন তিনি আইন সহায়ক পরিষদের নেতা।”

গত ৪ আগস্ট ঢাকা আলিয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের সময়ও নয়নকে সেখানে দেখা যায়।

সর্বশেষ গত সোমবার রাতে সুপ্রিম কোর্টে নিজের চেম্বারের কাজ শেষে বাড়ি ফেরার পথে অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ ওঠে। জামায়াত এ ঘটনার জন্য নয়ন ও তাঁর অনুসারীদের দায়ী করছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তাঁর অনুসারীদের উপস্থিত থাকতে দেখা যায়।