ইরানে আবার হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। গত রোববার ট্রাম্পের সঙ্গে আলোচনায় এ লক্ষ্য অর্জনে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়েও কথা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালায় তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়। যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা দেখা দেয়। যুদ্ধ শুরুর নয় মাস পেরিয়ে গেলেও সংঘাত আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। এমন পরিস্থিতিতে নতুন করে হামলার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু।
এক বিবৃতিতে ইরান সরকারের পতন ঘটানোর বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইরানের সরকারের পতন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকালসহ বহুবার আমি এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছি।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার অঘোষিত সফরে ইসরায়েলে যান। সেখানে নেতানিয়াহুর সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে তাঁর আলোচনা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান জানান, নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে নেতানিয়াহু ও হেগসেথের বৈঠক হয়েছে। তিনি বলেন, আঞ্চলিক হুমকি মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—দুই ধরনের কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অংশীদারত্বের বিষয়ে তাঁরা আলোচনা করেছেন।
তবে হেগসেথের এই সফর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।