কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী রয়েছেন। তাঁরা হলেন মো. নাফিস তেহামী ও লায়লা জাহান নাবিলা। নাফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে লায়লা জাহান নাবিলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ শনিবার সকালে পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি ‘টুকটুক’ নামের রিসোর্টটিতে আগুন লাগে। এ ঘটনায় ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত সাতজনের পরিচয় শনাক্ত করা গেছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রিসোর্টটির নিচতলায় একটি রেস্তোরাঁ ছিল। ওপরের দুটি তলায় অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। গত জুনে পরিদর্শনের পর ফায়ার সার্ভিস রিসোর্টটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছিল।
নাফিস তেহামীর মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, নাফিস তেহামীসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য এ ঘটনায় নিহত হয়েছেন। এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখের ও বেদনার। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।
শোকবার্তায় উপাচার্য নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। নিহত ব্যক্তিদের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নাফিস তেহামীর বাড়ি বরগুনার আমতলী থানার দক্ষিণ চুনাখালী গ্রামে।
এদিকে লায়লা জাহান নাবিলার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। শোকবার্তায় তাঁরা নাবিলার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন তাঁরা।
অগ্নিকাণ্ডে নিহত লায়লা জাহান নাবিলার তিন বোনও রয়েছেন। তাঁরা হলেন ফারিয়া কবির (৩৩), ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩)। এ ছাড়া নিহত পাঁচ বছর বয়সী ফাইজান নূর নাবিলার বড় বোন ফারিয়া কবিরের ছেলে। আর নাসির উদ্দিন (২৫) ছিলেন তাঁর ভাই। তাঁরা সবাই ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন।