রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ডের আশপাশে চারটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বাসস্ট্যান্ডের দুই পাশের সড়কে এসব ককটেল ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ডসংলগ্ন পদচারী-সেতুর পূর্ব পাশের সড়কে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেগুলোর কোনোটিই বিস্ফোরিত হয়নি। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ওসি আরও জানান, বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের সড়কে নিক্ষেপ করা একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পূর্ব পাশের সড়ক থেকে তিনটি ককটেল উদ্ধারের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, কলাবাগান পদচারী-সেতুর পশ্চিম পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও দুজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় সব মিলিয়ে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।