ধর্মীয় বিশ্বাসের কথা বলে অনুসারীদের অনাহারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার ঘটনায় কেনিয়ায় পল ম্যাকেঞ্জি নামে এক ধর্মীয় গোষ্ঠীর নেতাকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় নিহত ১৯১ জনের মধ্যে ১৯০ জনই শিশু। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির মোম্বাসা হাইকোর্ট এ রায় দেন। একই মামলায় ম্যাকেঞ্জির পাশাপাশি আরও দুই ডজনের বেশি ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে।
ম্যাকেঞ্জি গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের প্রতিষ্ঠাতা। আদালতের বিচারক ডায়ানা কাভেদজা জানান, অনাহারে মৃত্যুর ঘটনায় তাঁকে ১০০ বছরের কারাদণ্ড এবং সরাসরি হত্যাকাণ্ডের দায়ে আরও ১০০ বছরের সাজা দেওয়া হয়েছে।
নিহত শিশুদের মধ্যে ১৬১ জনের বয়স ছিল ৯ বছর বা তার কম। ১০ থেকে ১৩ বছর বয়সী ছিল ২২ জন এবং ১৪ থেকে ১৬ বছর বয়সী পাঁচজন। বাকি দুজনের বয়স নিশ্চিত হওয়া যায়নি। বিচারক জানান, দণ্ডিত ব্যক্তিদের কয়েকজনের সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯১ জনের মধ্যে ১৮৩ জনের মৃত্যু হয়েছে অনাহারে। তাঁদের মধ্যে ১৮২ জন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক। বাকি আট শিশু শ্বাসরোধ, গলায় ফাঁস দেওয়া বা মারধরের কারণে মারা যায়।
ম্যাকেঞ্জি অনুসারীদের বাড়িঘর ছেড়ে পূর্ব কেনিয়ার শাকাহোলা বনে চলে যেতে উৎসাহিত করেছিলেন। তাঁর প্রচার ছিল, সেখানে উপবাস করলে ঈশ্বরের নৈকট্য লাভ করা যাবে এবং স্বর্গে যাওয়ার পথ সহজ হবে। ধর্মীয় বক্তব্যের মাধ্যমে অনুসারীদের উপবাসে বাধ্য করা হতো। পাহারাদারেরা তাঁদের চলাফেরা নিয়ন্ত্রণ করত এবং বন ছেড়ে বের হতে বাধা দিত। শিশুদের খাবার না দেওয়া, আটকে রাখা এবং পালানোর চেষ্টা করলে শাস্তি দেওয়ার ঘটনাও ঘটেছে।
কেনিয়ার সিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাকেঞ্জির প্রচারের কেন্দ্রে ছিল পৃথিবীর ধ্বংস ও মহাপ্রলয়ের ধারণা। তাঁর দাবি ছিল, ২০২৩ সালের আগস্টে পৃথিবী ধ্বংস হবে। সেই সময়কে সামনে রেখে অনুসারীদের যিশুর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে উপবাস করতে বলেছিলেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, পৃথিবী ধ্বংসের প্রক্রিয়ায় প্রথমে শিশু, এরপর তরুণ ও নারীদের মৃত্যুর কথা ছিল।
২০২৩ সালের এপ্রিলে শাকাহোলা বনে মৃত্যুর খবর সামনে আসার পর সেখানে মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়। এখন পর্যন্ত মোট ৪২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে এ মামলায় ১৯১টি হত্যার ঘটনার বাইরেও আরও অভিযোগ যুক্ত হতে পারে।
রায়ের পর ম্যাকেঞ্জির অনুসারী এক নারীর মরদেহ শনাক্ত করা রজার্স শিবুতসে বলেন, এই সাজা তাঁর মায়ের জীবনের ক্ষতির ক্ষতিপূরণ হতে পারে না। তবে ২০০ বছরের কারাদণ্ড পাওয়া ম্যাকেঞ্জিকে নিশ্চিতভাবেই একসময় কারাগারে মৃত্যুবরণ করতে হবে।