শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মার্কিন কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বে নতুন মাইলফলক, জয়ী সাত প্রার্থী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে জয় পেয়েছেন সাতজন মুসলিম প্রার্থী। তাঁদের মধ্যে একজন সিনেটর এবং ছয়জন প্রতিনিধি পরিষদের সদস্য। এই জয়ের মধ্য দিয়ে দেশটির আইনসভায় মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

মার্কিন কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বে নতুন মাইলফলক, জয়ী সাত প্রার্থী
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে জয় পেয়েছেন সাতজন মুসলিম প্রার্থী। তাঁদের মধ্যে একজন সিনেটর এবং ছয়জন প্রতিনিধি পরিষদের সদস্য। এই জয়ের মধ্য দিয়ে দেশটির আইনসভায় মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি হয়েছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নাগরিক অধিকার, স্বাস্থ্যসেবা ও পররাষ্ট্রনীতি প্রার্থীদের প্রচারের গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ডেমোক্রেটিক দল রিপাবলিকানদের পরাজিত করে সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে। নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত কয়েকজন মুসলিম আইনপ্রণেতা আন্তর্জাতিক আইনের মানদণ্ড বজায় রাখা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে দেশটিকে নিঃশর্ত মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিষয়েও প্রচারে গুরুত্ব দিয়েছেন।

আবদুল এল-সাইয়েদ

৪২ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক রিপাবলিকান প্রতিনিধি মাইক রজার্সকে পরাজিত করেন। অবসরে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকান পার্টি ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তাঁর মুসলিম পরিচয় নিয়ে আক্রমণের মুখে পড়তে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত আগস্টে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ী হওয়ার পর আল-সাইয়েদ ইসরায়েলকে নিঃশর্ত অস্ত্র সরবরাহের সমালোচনা করেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে তিনি গণহত্যা বলেও আখ্যা দেন। নির্বাচনের মাত্র দুই দিন আগে ডেমোক্র্যাট প্রাইমারিতে তাঁর কাছে পরাজিত হ্যালি স্টিভেন্স রিপাবলিকান প্রার্থী রজার্সকে সমর্থন জানান। গাজা নিয়ে আল-সাইয়েদের বক্তব্যের বিরোধিতা করে তিনি এ সিদ্ধান্ত নেন।

ইলহান ওমর

মিনেসোটার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেত্রী ইলহান ওমর। তিনি রিপাবলিকান জন নাগেল ও স্বতন্ত্র প্রার্থী ডেভলে জ্যাকসনকে পরাজিত করেন।

১২ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসা ইলহান ২০১৯ সালে দেশটির প্রথম সোমালি-আমেরিকান ফেডারেল আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক আক্রমণের মুখে পড়লেও মার্কিন অস্ত্র বিক্রির ওপর নজরদারি এবং মানবিক সহায়তার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

রশিদা তালিব

ফিলিস্তিনি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী রশিদা তালিব মিশিগানের ১২তম ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে পরাজিত করেন।

কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সদস্য রশিদা অস্ত্র নিয়ন্ত্রণ আইন কার্যকর করা, সাধারণ নাগরিকদের সুরক্ষা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা রেখে আসছেন।

অ্যাডাম হামাভি

নিউ জার্সির ১২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন ৫৬ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হামাভি। রিপাবলিকান গ্রেগ মেলেককে হারিয়ে তিনি নিউ জার্সি থেকে কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম সদস্য হয়েছেন।

পেশায় প্লাস্টিক সার্জন হামাভি অবসরপ্রাপ্ত মার্কিন সেনা চিকিৎসক এবং ইরাক যুদ্ধের অভিজ্ঞ সৈনিক। ২০২৪ সালে গাজার ইউরোপিয়ান হাসপাতালে স্বেচ্ছাসেবক চিকিৎসক হিসেবে কাজ করেন তিনি। নির্বাচনী প্রচারে গাজায় মানুষের দুর্ভোগের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন হামাভি।

সবার জন্য মেডিকেয়ার চালু, চিকিৎসা ও শিক্ষার্থীদের ঋণ বাতিল, মার্কিন অভিবাসন সংস্থা আইসিই বিলুপ্ত করা এবং ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের পক্ষে প্রচার চালান তিনি।

দারিআলিজা আভিলা শেভালিয়ে

নিউইয়র্কের ডেমোক্র্যাট প্রার্থী দারিআলিজা আভিলা শেভালিয়ে প্রতিনিধি পরিষদের আসন নিশ্চিত করেছেন। গত জুনের প্রাইমারি নির্বাচনে তিনি অভিজ্ঞ কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এসপাইল্লাতকে পরাজিত করেছিলেন।

শেভালিয়ে একজন নাগরিক অধিকারকর্মী ও গবেষক। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নির্বাচনে ৮৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। তাঁর প্রচারে তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

আন্দ্রে কারসন

ইন্ডিয়ানার ডেমোক্র্যাট আইনপ্রণেতা আন্দ্রে কারসন রিপাবলিকান প্যাট্রিক ম্যাকঅলি ও লিবার্টেরিয়ান প্রার্থী জেমস সিনিয়াককে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন।

২০০৮ সাল থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। কংগ্রেসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী মুসলিম সদস্য কারসন নীতিগতভাবে আন্তর্জাতিক আইনি সংস্থা, সবার সমান মানবিক মর্যাদা এবং মানবিক সহায়তার ওপর গুরুত্ব দিয়ে থাকেন।

লতিফা সাইমন

ক্যালিফোর্নিয়ার ১২তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী লতিফা সাইমন। তিনি তাঁর দলেরই প্রার্থী জেমি জয়েসকে পরাজিত করেন। সাইমন মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন।

এদিকে ক্যালিফোর্নিয়ার আরেকটি কংগ্রেশনাল আসনে ভোট গণনা চলার সময় মুসলিম প্রার্থী আয়েশা ওহাব প্রাথমিক গণনায় এগিয়ে ছিলেন।