বুধবার, 11 নভেম্বর 2026
সকল বিভাগ

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নাৎসিরা যেমন জার্মানিতে ফিরে এসে রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

নাৎসিরা যেমন জার্মানিতে ফিরে এসে রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনো পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি, ভবিষ্যতেও চায় না। তবে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না।

দীর্ঘ বিবৃতিতে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন, অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা, বিরোধী দলের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং চলতি বছরের একই সময়ের বিভিন্ন আইনশৃঙ্খলা সূচকের তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরে তিনি দাবি করেন, পরিস্থিতির উন্নতি হয়েছে। এ অগ্রগতি ধরে রাখতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও নাগরিকের সহযোগিতা চান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানির কথা বলেছেন। তিনিও এ বিষয়ে একমত। ঢাকায় বিভিন্ন সময়ে একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার ব্যক্তিদের গোপন বৈঠকের বিষয়টি জনগণ জানতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে জড়িত। তাঁর অভিযোগ, সীমান্তের ওপার থেকে অডিও কলে পলাতক ফ্যাসিস্ট নেত্রী তাঁর নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাঁকে আর কখনোই দেবে না। কেননা তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সাথে এর উদাহরণ দেওয়া যায়, মিলে যায়। নাৎসিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি; তেমনি গণ–অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।’

বিএনপির নির্বাচনী ইশতেহারে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আক্রান্ত হলেও তাঁরা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়াননি। তবে এ উদারতার সুযোগ পতিত ফ্যাসিবাদী শক্তি নিতে শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মানবাধিকারের সীমারেখার মধ্যে থেকেই অস্থিরতা ও নাশকতা সৃষ্টিকারীদের সব চক্রান্ত নস্যাৎ করে দেব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং এজেন্সি তাদের রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে অপারেশন বা অভিযান পরিচালনার সময় প্রয়োজনে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।’

সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তা সম্মিলিতভাবে প্রতিহত করতে জাতীয় ঐক্য প্রয়োজন। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখার আহ্বান জানান তিনি। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো কর্মসূচি ও ষড়যন্ত্র নস্যাৎ করতেও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রাণহানির কথা উল্লেখ করে তিনি বলেন, রাইট অব প্রাইভেট ডিফেন্সের আলোকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী কার্যক্রম চলছে।

বিরোধী দলের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী বা পতিত স্বৈরাচারী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিরোধীদলীয় নেতার উদ্দেশে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে যাঁরা তাঁদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করবেন না। তবে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে চালানো নির্যাতন ও জুলুমের জন্য শর্তহীন অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়াকে যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে মনে করে না দেশবাসী।

সুনামগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কোন পথে সেখানে প্রবেশ করেছেন, তা নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। সভায় অংশ নেওয়া সাতজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে যৌথ অভিযান চলছে।

সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় সহযোগীরা শ্রমজীবী মানুষকে উসকে দিয়ে বিক্ষোভে পরিণত করেছে। সরকার এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এরপরও একটি মহল স্থানীয় ও জাতীয় শ্রমিক সংগঠনের নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ কর্মকাণ্ডে পতিত অবৈধ সরকারের পলাতক মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ সরকারের হাতে রয়েছে বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা দেখেছি এই সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন ব্যানার নিয়ে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তাদের নেতারা যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তাদের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছে। এ রকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।’

দেশজুড়ে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁদের গ্রেপ্তারে বিভিন্ন পর্যায়ে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।