মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

ইউরোপে গ্যাসের দাম ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাবে বিশ্বজুড়ে শীতকালীন জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে ইউরোপের গ্যাসের বাজারেও। ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গত শুক্রবার লেনদেন শেষ হওয়ার পর সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক মূল্য ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম ৯৭ ইউরো ছাড়িয়ে যায়, যা প্রায় ১০৮ দশমিক ৮ ডলারের সমান। ২০২২ সালের ডিসেম্বরের পর গ্যাসের দাম এত বেশি হতে দেখা যায়নি।

গ্যাসের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়া। বিশ্বে মোট এলএনজি চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ এই অঞ্চল থেকে সরবরাহ করা হয়। তবে চলমান সংঘাতের কারণে গত বছরের একই সময়ের তুলনায় অঞ্চলটি থেকে গ্যাসের সরবরাহ প্রায় ৮০ শতাংশ কমে গেছে।

এদিকে ইউরোপের নিজস্ব গ্যাসের মজুতও স্বস্তিদায়ক অবস্থায় নেই। ‘গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপ’-এর তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর গ্যাস সংরক্ষণাগার বর্তমানে মোট ধারণক্ষমতার ৭৪ দশমিক ৬ শতাংশ পূর্ণ রয়েছে। বছরের এই সময়ে মজুতের স্বাভাবিক গড়ের তুলনায় এই পরিমাণ কম।

বিশ্ববাজার থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়া এবং নিজেদের মজুতের সীমাবদ্ধতা—দুই দিক থেকেই চাপে পড়েছে ইউরোপ। ফলে সামনে কঠোর শীত আসার আগেই অঞ্চলটির জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।