মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলে তিন দিনের রিমান্ডে

নাটোরে ছাত্রদল নেতা হত্যা: বিএনপির এনাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলে তিন দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে গুরুদাসপুরের আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পরিদর্শক আসমাউল হক এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার রাতে সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন শাকিল ইসলাম। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা চালান। এ সময় তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়।

পালিয়ে যাওয়ার সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে শাকিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

সোমবার রাতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ১৯ অক্টোবর শাকিলের বাবা এ ঘটনায় মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আট থেকে দশজনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে সে সময় তিনি বিস্তারিত কিছু জানাননি।