মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

মাদক ও কিশোর গ্যাং দমনে ‘জিরো টলারেন্স’ নীতি পুলিশের

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ‘গডফাদারদের’ চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান।

মাদক ও কিশোর গ্যাং দমনে ‘জিরো টলারেন্স’ নীতি পুলিশের
ছবি: সংগৃহীত

মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ‘গডফাদারদের’ চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান।

মঙ্গলবার বিকেলে পুলিশ সদরদপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং বিভিন্ন জেলার পুলিশ সুপাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে মানবিক আচরণ করার নির্দেশনাও দেন তিনি। পাশাপাশি ডাকাতির ঘটনায় মামলা রেকর্ড করা এবং দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটনের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেন।

ধর্ষণ মামলার তদন্ত প্রসঙ্গে সায়েদুর রহমান বলেন, “এসব মামলার তদন্ত নিবিড়ভাবে তদারক করতে হবে, যাতে বিচারে সাজার হার বাড়ে।”

সভায় গত সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশের ওপর হামলা ও অপহরণের মামলা নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি এবং অপরাধীদের সাজা পাওয়ার হার নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।