চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে এক নারীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে ২৫ লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দুটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁর অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে এসব জিনিস নিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার রাউজান সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার নারীর নাম শামসুন নাহার (৫০)। তিনি উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুন নাহার অটোরিকশায় করে রাউজান সদরের সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও দুই স্বজন ছিলেন। পথে দুটি মোটরসাইকেলে আসা ছয় ব্যক্তি তাঁদের অটোরিকশার গতিরোধ করেন। তাঁদের মধ্যে দুজনের হাতে পিস্তল ছিল। অস্ত্রের মুখে তাঁরা শামসুন নাহারের ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
শামসুন নাহার বলেন, অস্ত্রধারীরা তাঁর অটোরিকশা আটকে ২৫ লাখ টাকা নিয়ে গেছেন। জমি রেজিস্ট্রি করার জন্য তিনি ওই টাকা নিয়ে উপজেলা রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তিনি রাউজান থানায় মামলা করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।