বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
সকল বিভাগ

২০২৭ সালের রমজান শুরু কবে, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। সে হিসাবে রমজান শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

২০২৭ সালের রমজান শুরু কবে, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা
ছবি: সংগৃহীত

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। সে হিসাবে রমজান শুরু হতে এখনো প্রায় চার মাস বাকি। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

আল খালিজ পত্রিকার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটবে।

আল জারওয়ানের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যেতে পারে। তা হলে ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে সোমবার, ১২ অক্টোবর। এ মাস শুরু হলে রমজানের আগে চন্দ্র পঞ্জিকা অনুযায়ী আরও চারটি মাস থাকবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ২০২৭ সালের রমজান ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সেই হিসাবে ঈদুল ফিতর পালিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার অথবা ১০ মার্চ, বুধবার।

আল জারওয়ান বলেন, ইসলামি চান্দ্র পঞ্জিকার একটি বৈশিষ্ট্য হলো, বিশেষ যন্ত্রপাতি কিংবা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ছাড়াও চাঁদের দৃশ্যমান রূপের পরিবর্তন পর্যবেক্ষণ করে মাসের অগ্রগতি বোঝা যায়। সরু বাঁকা চাঁদ থেকে অর্ধচন্দ্র এবং পরে পূর্ণিমা—এভাবে ধাপে ধাপে চাঁদের আকৃতি বদলায়। এসব পরিবর্তন দেখে চান্দ্র মাসের বিভিন্ন পর্যায় চিহ্নিত করা সম্ভব। এরপর চাঁদের আলোকিত অংশ ক্রমে কমে একসময় তা অদৃশ্য হয়ে যায়। ইসলামি পঞ্জিকা মূলত চাঁদের এই চক্রের ভিত্তিতেই নির্ধারিত হয়।

তবে নতুন চাঁদ দেখার বিষয়ে ভিন্ন পূর্বাভাস দিয়েছে শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ১১ অক্টোবর রোববার সূর্যাস্তের পর নতুন চাঁদ খালি চোখে কিংবা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব হবে না। তবে উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের আগেই চাঁদটি শনাক্ত করা যেতে পারে।

কেন্দ্রটির পূর্বাভাসে বলা হয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণকারী দেশগুলোতে সোমবার, ১২ অক্টোবর থেকে জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে। অন্যদিকে, যেসব দেশে সূর্যাস্তের পর খালি চোখে অথবা অপটিক্যাল টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা বাধ্যতামূলক, সেসব দেশে মাসটি শুরু হতে পারে মঙ্গলবার, ১৩ অক্টোবর।

শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় ১০ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চাঁদের কেন্দ্রীয় সংযোগ বা জ্যোতির্বৈজ্ঞানিক অমাবস্যা ঘটবে। শারজাহর অবস্থান বিবেচনায় হিসাব করা টপোসেন্ট্রিক সংযোগ একই দিন রাত ৮টা ৪৭ মিনিটে ঘটবে।

সূত্র: গালফ নিউজ ও আল খালিজ