রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

ইনানীতে গ্যাসকূপের জরিপের সময় বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মী

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে জরিপের কাজ চলার সময় বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ইনানীতে গ্যাসকূপের জরিপের সময় বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ কর্মী
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে জরিপের কাজ চলার সময় বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস ছালাম বলেন, “গ্যাসকূপের আগুন নেভানোর পর পরিস্থিতি পর্যবেক্ষণে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুনের কুণ্ডলী বের হয়ে আসে। এতে কর্মীরা তাপের সংস্পর্শে এসে দগ্ধ হন।”

আহত ব্যক্তিদের মধ্যে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও মোহাম্মদ জনিসহ সাতজন রয়েছেন বলে জানান তিনি।

ঘটনার সময় সেখানে কাজ করছিলেন জানিয়ে রাকিবুল হাসান বলেন, সকালে কাজ শুরুর পর বাতাসের প্রবাহ বেশি থাকায় তাঁরা সতর্কতার সঙ্গে কাজ করছিলেন। একপর্যায়ে গ্যাসের আগুনের তাপ কর্মীদের দিকে চলে আসে।

তিনি বলেন, “আমরা ড্রিল পাইপ দিয়ে নিচে যাওয়ার কাজ করছিলাম। ওই সময় কিছু গ্যাস থাকায় সেখান থেকেই আগুনের তাপ আমাদের লাগে। তবে মূল লাইন থেকে গ্যাস ডাইভার্টারের মাধ্যমে অন্যদিকে বের করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যায়নি।”

এর আগে গত ২৭ নভেম্বর প্রায় এক মাস ধরে জ্বলতে থাকা ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্সের বিশেষজ্ঞ দল। এরপর গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরবর্তী করণীয় নির্ধারণে জরিপের কাজ শুরু হয়।

আব্দুস ছালাম বলেন, “কাজের সময় বাতাসের কারণে ডাইভার্টারের দিকে জ্বলতে থাকা আগুনের কিছু অংশ ফিরে এসে কূপের ওয়েলহেডের দিকে চলে আসে। এতে কর্মীরা তাপের সংস্পর্শে আসেন।”

তবে আহতদের কারও বড় ধরনের আঘাত লাগেনি বলে জানান তিনি। সাতজনের মধ্যে চারজনকে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

গত ২৭ অক্টোবর ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে। পরে নির্গত গ্যাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়।

এরপর থেকে ওই স্থানে প্রায় এক মাস ধরে আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পর গ্যাসের উৎস ও পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব নেয় বাপেক্সের বিশেষজ্ঞ দল।