রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনে রাজি নেতানিয়াহু, চান বিকল্প প্রধানমন্ত্রীর পদ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে এবং বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনে রাজি হওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে নতুন সরকারে বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং মেয়াদের পরবর্তী সময়ে আবারও সরকারপ্রধান হওয়ার সুযোগ চান তিনি।

আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনে রাজি নেতানিয়াহু, চান বিকল্প প্রধানমন্ত্রীর পদ
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা ছাড়তে এবং বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনে রাজি হওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে নতুন সরকারে বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব এবং মেয়াদের পরবর্তী সময়ে আবারও সরকারপ্রধান হওয়ার সুযোগ চান তিনি। ক্ষমতা ভাগাভাগির এ প্রস্তাবকে রাজনৈতিক অচলাবস্থা কাটানোর উদ্যোগ হিসেবে তুলে ধরেছেন নেতানিয়াহু।

গতকাল শনিবার নেতানিয়াহু বলেন, ঐক্যের সরকারে স্বাভাবিকভাবেই তাঁর নেতৃত্ব দেওয়ার কথা। অন্তত পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে প্রথম সুযোগটি তাঁর পাওয়া উচিত। তবে দেশের অস্তিত্বের জন্য হুমকি মোকাবিলায় সক্ষম সরকার গঠন জরুরি উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন সরকারের মেয়াদের শুরুতে গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত তিনি। এ সময় নিজে বিকল্প প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

নেতানিয়াহু বলেন, ‘দেশের অস্তিত্বের জন্য হুমকি এখন এতটাই গুরুতর যে তা মোকাবিলা করতে সক্ষম নয়—এমন একটি সরকার গঠনের আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে একজন নেতা হিসেবে আমার দায়িত্ব, ব্যক্তিগত সব বিষয় ও স্বার্থের ঊর্ধ্বে ওঠা। তাই আমি মেনে নিতে রাজি আছি, নতুন সরকারের মেয়াদের শুরুতে গাদি আইজেনকট প্রধানমন্ত্রী হবেন। আর আমি দায়িত্ব পালন করব বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।’

ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু এখন ক্ষমতায় টিকে থাকা নিয়ে চাপে রয়েছেন। তাঁকে ক্ষমতায় রাখতে ‘অলৌকিক কিছুই’ প্রয়োজন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে আজ রোববার সকালে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক হওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকট জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে বিকল্প সরকার গঠনের পথেও সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছেন বলে জানান তিনি। আইজেনকটের দাবি, গত সপ্তাহে লিকুদ পার্টির কাছে গোপন একটি চ্যানেলের মাধ্যমে বিস্তারিত প্রস্তাব পাঠালেও কোনো জবাব পাননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দলটির সঙ্গে আলোচনার চেষ্টা প্রত্যাখ্যান ও এড়িয়ে যাওয়ার মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নেতানিয়াহুর প্রস্তাবের আগেই আইজেনকটকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর ঘনিষ্ঠজনেরা। এক মাস আগে ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকেই নেতানিয়াহুকে সরিয়ে বিকল্প জোট গঠনের আলোচনা চলছিল। গত কয়েক দিনে কথিত ‘পরিবর্তনপন্থী জোটের’ বিভিন্ন দলের মধ্যে এ নিয়ে একাধিক আনুষ্ঠানিক সমঝোতাও হয়েছে।

নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর পার্লামেন্ট নেসেটে ভোটের মাধ্যমে সরকার অনুমোদিত হলে তাঁর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

নেতানিয়াহু তাঁর ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবকে সরকারে আরব দলগুলোর প্রভাব ঠেকানোর উদ্যোগ হিসেবেও তুলে ধরেছেন। নির্বাচনের পর রেকর্ডসংখ্যক আরব সদস্য নেসেটে শপথ নেওয়ায় তিনি উদ্বিগ্ন। তাঁর দলকে বাদ দিয়ে সরকার গঠন করতে হলে আইজেনকটের আরব দলগুলোর সমর্থন প্রয়োজন হতে পারে।

নতুন পার্লামেন্ট সদস্যদের প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘আজ নেসেটে আমরা যা দেখছি, তা শুধু শুরু। সরকারেও এমনটা ঘটবে। একটি গুলিও ছোড়া ছাড়াই শত্রুভাবাপন্ন শক্তিগুলো দেশের ভেতর থেকে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেবে।’

তিনি আরও বলেন, ‘এ বিপর্যয়কর সরকারের পথ তৈরি করতে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া কিছু দলের সদস্যরা হিব্রু ভাষায় নরম সুরে কথা বলেন। কিন্তু আরবিতে তাঁরা “সন্ত্রাসী” সংগঠন ও ইসরায়েল ধ্বংসের প্রতি পূর্ণ সমর্থন জানান।’

নেতানিয়াহু বলেন, নতুন জোট গঠনের বিষয়ে ‘প্রকৃত, আন্তরিক ও দ্রুতগতির আলোচনা’ শুরু করতে তিনি প্রস্তুত।

তবে বিরোধী দলের নেতারা আইজেনকটকে নেতানিয়াহুর প্রস্তাব বিবেচনা না করার পরামর্শ দিয়েছেন। বিরোধী জোটের অন্যতম বৃহত্তম দল বিয়াচাদের নেতা ইয়ার লাপিদ এ প্রস্তাবকে ‘স্পষ্ট প্রতারণা’ বলে আখ্যায়িত করেছেন। নেতানিয়াহুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি এমন একজন ব্যক্তি, যিনি ধারাবাহিকভাবে সবাইকে ঠকিয়েছেন, প্রত্যেক সহযোগীর সঙ্গে প্রতারণা করেছেন এবং সব চুক্তি ভেঙেছেন।’

বিরোধী নেতাদের আশঙ্কা, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব দিয়ে নেতানিয়াহু আসলে আন্তরিক নন। আইজেনকটকে আলোচনায় টেনে এনে তাঁর বিশ্বাসযোগ্যতা নষ্ট করাই তাঁর উদ্দেশ্য হতে পারে।

ধর্মনিরপেক্ষ ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান নেতানিয়াহুর কট্টর বিরোধী। তাঁকে ক্ষমতা থেকে সরাতে দৃঢ়প্রতিজ্ঞ লিবারম্যান এরই মধ্যে বিকল্প জোটের সঙ্গে চুক্তি করেছেন। প্রতিরক্ষা ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার বিষয়টিও নিশ্চিত হয়েছে বলে মনে হচ্ছে।

মধ্য বামপন্থী ডেমোক্রেটিক পার্টির নেতা ও সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ইয়ার গোলান জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। এ ছাড়া তাঁকে আরও কয়েকটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেওয়া একমাত্র ইহুদি দলটির নেতা হিসেবে গোলানের এ নিয়োগ পশ্চিম তীরে বড় ধরনের পরিবর্তনের পথ খুলে দিতে পারে। সেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

বিরোধী জোটের আরেক নেতা নাফতালি বেনেট ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর দল বিয়াচাদ ডানপন্থী। আইজেনকটের সম্ভাব্য নতুন জোট সরকারে বেনেটের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার কথা রয়েছে। তবে নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের প্রস্তাব পেলেও তিনি তাতে আগ্রহী হতে পারেন।

বিরোধী জোটের চারটি ইহুদি নেতৃত্বাধীন দলের আসনসংখ্যা মোট ৪৮। নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি আসন। এ অবস্থায় বিরোধী জোট আশা করছে, আরব-ইসরায়েলি দল রা’আম এবং অতি-কট্টর ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের সমর্থন পাওয়া যাবে। রা’আমের আসনসংখ্যা ৮ এবং ইউনাইটেড তোরাহ জুডাইজমের ৭। দলটি আগে নেতানিয়াহুর জোটকে সমর্থন দিয়েছিল।

তবে দল দুটি আনুষ্ঠানিকভাবে পরিবর্তনপন্থী জোটে যোগ না-ও দিতে পারে। সে ক্ষেত্রে বাইরে থেকে সংখ্যালঘু সরকারকে সমর্থন দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে সমঝোতা হতে পারে।

গত শুক্রবার গুঞ্জন ছড়ায়, রা’আমের নেতা মানসুর আব্বাস শনিবার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা দিতে পারেন। পরে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এটি আইজেনকটের অন্যতম প্রধান দাবি ছিল। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসায় বিরোধী জোটের সরকার গঠনের পথে একটি বড় বাধা দূর হতে পারে।