রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

পদ্মা সেতুর কাছে বিএনপির সঙ্গে সংঘর্ষে আ.লীগের দুই কর্মী নিহত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।

পদ্মা সেতুর কাছে বিএনপির সঙ্গে সংঘর্ষে আ.লীগের দুই কর্মী নিহত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।

নিহত দুজন হলেন ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। স্থানীয় নেতা-কর্মীরা জানান, ইব্রাহিম সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন। অন্যদিকে নিজামউদ্দিন মাদারীপুরের শিবচর উপজেলার মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন।

ইব্রাহিম সিপাহীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। রোববার বিকেলে তিনি বলেন, নিহতের শরীরে একটি ছিদ্র দেখতে পেয়েছেন। তবে সেটি গুলির আঘাত কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি। শরীয়তপুর সদর হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত চলছে।

অন্যদিকে নিজামউদ্দিন মৃধা গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ওসি কামাল হোসেন। তাঁর ভাষ্য, ঢাকায় নেওয়ার পথে নিজামউদ্দিনের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। তাঁদের কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগের রাত থেকেই ওই এলাকায় অবস্থান করছিলেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষ পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেন, সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় গুলির ঘটনাও ঘটে।

সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ২০ থেকে ২৫টি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া নাওডোবা এলাকায় পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে একটি রেস্তোরাঁয় ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রেস্তোরাঁটির আসবাবসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। পরে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেখান থেকে সরে যান।

ঘটনার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তাঁরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সংঘর্ষের সময় নিহত ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

এসব ঘটনার কারণে রোববার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। জাজিরা থানার পুলিশ জানায়, সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আমরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করতে পেরেছি। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।’

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাবি, অবরোধ চলাকালে সংঘর্ষের মধ্যে গুলি ছোড়া হলে নিজামউদ্দিন গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘাতে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে।