রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

সংগীত থেকে অভিনয়, ভারতীয় বিতর্ক পেরিয়ে নতুন সিরিজে ফাওয়াদ খান

পর্দায় কখনো সংযত প্রেমিক, কখনো আত্মবিশ্বাসী তরুণ, আবার কখনো জটিল ব্যক্তিত্বের চরিত্রে দর্শকের মনোযোগ কেড়েছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। অভিনয়ের পাশাপাশি সংগীতেও রয়েছে তাঁর পরিচিতি। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের কাছে জনপ্রিয় এই তারকার জন্মদিন আজ ২৯ নভেম্বর।

সংগীত থেকে অভিনয়, ভারতীয় বিতর্ক পেরিয়ে নতুন সিরিজে ফাওয়াদ খান
ছবি: পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান

পর্দায় কখনো সংযত প্রেমিক, কখনো আত্মবিশ্বাসী তরুণ, আবার কখনো জটিল ব্যক্তিত্বের চরিত্রে দর্শকের মনোযোগ কেড়েছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। অভিনয়ের পাশাপাশি সংগীতেও রয়েছে তাঁর পরিচিতি। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের কাছে জনপ্রিয় এই তারকার জন্মদিন আজ ২৯ নভেম্বর। ১৯৮১ সালের এই দিনে পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া ফাওয়াদের বয়স এখন ৪৫ বছর।

এবারের জন্মদিনে তাঁর অভিনয় ও সংগীতজীবনের পাশাপাশি আলোচনায় এসেছে নেটফ্লিক্সের নতুন সিরিজ। পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ হিসেবে পরিচিত ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’ মুক্তির আগেই ভারতে বিতর্কের মুখে পড়েছে। সিরিজটির অন্যতম প্রধান অভিনেতা ফাওয়াদ। ফলে নতুন কাজের প্রচারের পাশাপাশি আবারও আলোচনায় এসেছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন এবং দুই দেশের শিল্পীদের কাজের সুযোগ।

ব্যান্ডের গায়ক থেকে জনপ্রিয় অভিনেতা

ফাওয়াদ খানের পরিচিতির শুরু অভিনয় দিয়ে নয়, সংগীতের মাধ্যমে। কৈশোর থেকেই গিটারের প্রতি তাঁর আগ্রহ ছিল। গিটারের পাশাপাশি বেজ ও ড্রামসও বাজাতে পারতেন তিনি। ২০০০ সালের শুরুর দিকে পাকিস্তানের রক ব্যান্ড ‘এন্টিটি প্যারাডাইম’-এর প্রধান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি পান।

২০০৩ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ইরতিকা’ প্রকাশিত হয়। অ্যালবামের ‘রাহগুজার’ গানটি শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। ব্যান্ডের হয়ে প্রায় ২৫০টি মঞ্চানুষ্ঠানে অংশ নেন ফাওয়াদ। ২০১০ সালে ব্যান্ডটি আবার একত্র হয়ে কোক স্টুডিওতে ‘বলো বলো’ গানটি পরিবেশন করে। একই বছর প্রকাশিত হয় ‘শোর মাচা’। সংগীতের এই অভিজ্ঞতা তাঁর অভিনয়জীবনেও কাজে এসেছে। পর্দায় স্বাভাবিক উপস্থিতি ও ব্যক্তিত্বের পাশাপাশি তাঁর কণ্ঠের আবেদনও দর্শকদের আকৃষ্ট করেছে।

টেলিভিশন দিয়েই অভিনয় শুরু করেন ফাওয়াদ। ২০০০ সালের শুরুর দিকে ‘জুট অ্যান্ড বন্ড’ নামের সিটকমে অভিনয় করেন তিনি। বড় পর্দায় তাঁর অভিষেক হয় ২০০৭ সালে, শোয়েব মনসুর পরিচালিত ‘খুদা কে লিয়ে’ ছবির মাধ্যমে। ধর্মীয় গোঁড়ামি, ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক বাস্তবতার মতো বিষয় নিয়ে নির্মিত ছবিটি পাকিস্তানের চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নেয়। ফাওয়াদের অভিনয়ও প্রশংসিত হয়। ছবিটির জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।

‘হামসফর’ বদলে দেয় পরিচিতি

টেলিভিশন নাটক ফাওয়াদ খানের জনপ্রিয়তায় বড় ভূমিকা রাখে। ২০১০ সালে দেশভাগের পটভূমিতে নির্মিত ‘দাস্তান’ তাঁকে অভিনয়শিল্পী হিসেবে আরও পরিচিত করে তোলে। এরপর ২০১১ সালে মাহিরা খানের বিপরীতে ‘হামসফর’ নাটকে অভিনয় করে ব্যাপক তারকাখ্যাতি পান তিনি।

‘হামসফর’-এ আশার চরিত্রে মাহিরা খান এবং আসারের চরিত্রে ফাওয়াদ খানের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। নাটকটি শুধু পাকিস্তানেই নয়, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়তা পায়। বিশেষ করে ভারতীয় টেলিভিশন চ্যানেল জিন্দাগিতে পাকিস্তানি নাটক সম্প্রচারের পর দুই দেশের দর্শকের কাছে ফাওয়াদের পরিচিতি আরও বাড়ে।

এরপর ২০১২ সালে ‘জিন্দেগি গুলজার হ্যায়’ নাটকে কাশফের বিপরীতে জারুন চরিত্রে অভিনয় করেন তিনি। এই নাটকেও তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। ‘হামসফর’ ও ‘জিন্দেগি গুলজার হ্যায়’—দুটি নাটকই ফাওয়াদকে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় রোমান্টিক অভিনেতাদের সারিতে নিয়ে যায়। বাংলাদেশের দর্শকদের কাছেও এসব নাটকের মাধ্যমে তাঁর পরিচিতি বাড়ে। পর্দায় তাঁর ব্যক্তিত্ব, সংলাপ বলার ধরন ও সংযত অভিনয় আলাদাভাবে নজর কাড়ে।

বলিউডে নতুন অধ্যায়

পাকিস্তানি টেলিভিশনে জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডেও কাজের সুযোগ আসে ফাওয়াদের। ২০১৪ সালে সোনম কাপুরের বিপরীতে ‘খুবসুরত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ছবিতে রাজপরিবারের এক সংযত ও মার্জিত তরুণের চরিত্রে অভিনয় করেন। প্রথম ছবিতেই দর্শকের মনোযোগ কেড়ে নেন তিনি। এ ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেতার পুরস্কারও পান।

এরপর ২০১৬ সালে করণ জোহরের ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে অভিনয় করেন ফাওয়াদ। ঋষি কাপুর, রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রার মতো অভিনেতাদের সঙ্গে পর্দা ভাগ করে নেন তিনি। ছবিতে রাহুল কাপুর চরিত্রে তাঁর অভিনয় ছিল ব্যতিক্রমী। পরিবারের কাছে নিজের যৌন পরিচয় প্রকাশ করতে না পারা এক তরুণের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান ফাওয়াদ। সংযত অভিনয়ের মাধ্যমে চরিত্রটির সংবেদনশীলতা ও মানসিক দ্বন্দ্ব ফুটিয়ে তোলেন তিনি।

একই বছর করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যায় তাঁকে। অল্প সময়ের উপস্থিতিতেও দর্শকের মনে ছাপ ফেলেন।

তবে বলিউডে তাঁর যাত্রা বেশি দূর এগোয়নি। ২০১৬ সালে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে বিতর্ক তৈরি হয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনাসহ বিভিন্ন সংগঠন পাকিস্তানি শিল্পীদের বিরোধিতা করে। এর ফলে বলিউডে ফাওয়াদের কাজের পথও বন্ধ হয়ে যায়। তাঁর অভিনীত কয়েকটি কাজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। এরপর দীর্ঘ সময় হিন্দি চলচ্চিত্রে দেখা যায়নি তাঁকে।

মার্ভেল থেকে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’

বলিউডে কাজের সুযোগ বন্ধ হলেও আন্তর্জাতিক অঙ্গনে ফাওয়াদের উপস্থিতি থেমে থাকেনি। ২০২২ সালে মার্ভেল স্টুডিওর সিরিজ ‘মিস মার্ভেল’-এ অভিনয় করেন তিনি। সেখানে হাসান চরিত্রে দেখা যায় তাঁকে। পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন সুপারহিরো কামালা খানের পারিবারিক ইতিহাসের সঙ্গে যুক্ত এই চরিত্রের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের সামনে নতুনভাবে পরিচিত হন ফাওয়াদ।

একই বছর মুক্তি পায় বিলাল লাশারির ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। পাকিস্তানের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেন ফাওয়াদ। তাঁর বিপরীতে ছিলেন মাহিরা খান। ফ্যান্টাসি ও অ্যাকশনধর্মী ছবিটিতে ফাওয়াদের শারীরিক পরিবর্তন, প্রস্তুতি ও অভিনয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। ছবিটি পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের স্বীকৃতি পায়। পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র হিসেবেও আন্তর্জাতিক বাজারে বড় সাফল্য অর্জন করে।

এরপর ২০২৩ সালে ‘মানি ব্যাক গ্যারান্টি’ ছবিতে অভিনয় করেন তিনি। ২০২৪ সালে আসিম আব্বাসির ‘বারজাখ’ সিরিজে ভিন্নধর্মী চরিত্রে দেখা যায় তাঁকে। রহস্য, পারিবারিক সম্পর্ক ও অতিপ্রাকৃত উপাদানের মিশেলে নির্মিত সিরিজটি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে।

২০২৫ সালে ‘নীলুফার’ ছবিতে মাহিরা খানের সঙ্গে আবার জুটি বাঁধেন ফাওয়াদ। ‘হামসফর’-এর পর এই জুটিকে আবার একসঙ্গে দেখতে দর্শকদের আগ্রহ ছিল। পর্দায় তাঁদের রসায়নও নতুন করে আলোচনায় আসে।

নেটফ্লিক্সের সিরিজ ঘিরে নতুন বিতর্ক

ফাওয়াদের সামনে এবার নতুন এক অধ্যায়। তাঁর অভিনীত ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’ সিরিজটি মুক্তি পাওয়ার কথা ৪ ডিসেম্বর। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার অরিজিনাল সিরিজ। পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন মোমিনা দুরাইদ।

সিরিজটিতে ফাওয়াদের সঙ্গে অভিনয় করেছেন মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, খুশহাল খান, মায়া আলী, বিলাল আশরাফ ও হামজা আব্বাসি। তিন প্রজন্মের ছয়টি পরস্পরসংযুক্ত প্রেমের গল্প নিয়ে এগিয়েছে সিরিজটির কাহিনি। এতে সম্পর্ক, ভালোবাসা, বিচ্ছেদ ও জীবনের নানা জটিলতা উঠে আসবে।

তবে মুক্তির আগেই রাজনৈতিক বিতর্কে জড়িয়েছে সিরিজটি। ভারতের অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন দেশটিতে সিরিজটির প্রচার বন্ধের দাবি জানিয়েছে। সংগঠনটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে নেটফ্লিক্সে সিরিজটির মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের অভিযোগ, পাকিস্তানি শিল্পীদের কাজ ভারতে প্রদর্শনের সুযোগ দেওয়া উচিত নয়।

এরপর ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়েছে। ওই নির্দেশনায় ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তান থেকে আসা কনটেন্ট প্রচার বন্ধ রাখার কথা বলা হয়েছিল। ২৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সামনে আসে। ফলে সিরিজটির আন্তর্জাতিক মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও ভারতে এটি দেখানো যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে ২৮ নভেম্বর ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজটি দুবাইভিত্তিক এবং নেটফ্লিক্সের যুক্তরাষ্ট্রের মালিকানাধীন আঞ্চলিক উদ্যোগে নির্মিত। ফলে একে সরাসরি নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রযোজনা হিসেবে দেখার সুযোগ নেই। এখন পর্যন্ত সিরিজটির আন্তর্জাতিক মুক্তির তারিখ ৪ ডিসেম্বরই রয়েছে।

এ ঘটনা ফাওয়াদের জন্য নতুন নয়। ২০১৬ সালেও ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে বলিউডে তাঁর কাজ বাধাগ্রস্ত হয়েছিল। প্রায় এক দশক পর আবারও তাঁর অভিনীত একটি বড় আন্তর্জাতিক প্রকল্প ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পড়েছে। রাজনীতির এই পরিস্থিতি সিরিজটির দর্শকপ্রাপ্তিতে কতটা প্রভাব ফেলবে, এখন সেটিই দেখার বিষয়।

ব্যক্তিজীবনে প্রচারের আলো থেকে দূরে

পর্দায় জনপ্রিয়তা থাকলেও ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি প্রচারে আগ্রহী নন ফাওয়াদ। কৈশোরে সাদাফ খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। দীর্ঘ আট বছরের প্রেমের পর ২০০৫ সালের ১২ নভেম্বর তাঁরা বিয়ে করেন। তাঁদের সংসারে দুই সন্তান। স্ত্রী সাদাফের সঙ্গে পোশাকের ব্র্যান্ড ‘সিল্ক বাই ফাওয়াদ’ও চালু করেছিলেন তিনি।

ফাওয়াদের শিক্ষাজীবনও বেশ আলাদা। অভিনয় ও সংগীতের পাশাপাশি কম্পিউটারবিজ্ঞানে পড়াশোনা করেছেন তিনি। লাহোরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অর্থাৎ বিনোদনজগতে আসার আগে তাঁর সামনে ছিল সম্পূর্ণ ভিন্ন পেশায় যুক্ত হওয়ার সম্ভাবনা।

জনপ্রিয়তার রহস্য কোথায়?

দক্ষিণ এশিয়ার বিনোদনজগতে অনেক অভিনেতাই একাধিক মাধ্যমে কাজ করেছেন। তবে সংগীত, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন ক্ষেত্রেই ফাওয়াদের মতো পরিচিতি পাওয়া শিল্পীর সংখ্যা খুব বেশি নয়। তাঁর অভিনয়ে উচ্চকণ্ঠ বা অতিরিক্ত অভিব্যক্তির চেয়ে সংযম বেশি। প্রেমিকের চরিত্রে যেমন বিশ্বাসযোগ্য, তেমনি পারিবারিক দ্বন্দ্বে জর্জরিত মানুষের চরিত্রেও স্বাভাবিক।

বাংলাদেশের দর্শকদের কাছে তাঁর জনপ্রিয়তার পেছনেও রয়েছে এই পরিচিতি। পাকিস্তানি নাটকের সুবাদে যাঁরা তাঁকে চিনেছেন, তাঁদের কাছে ফাওয়াদ শুধু একজন অভিনেতা নন; একসময়কার প্রিয় নাটকের স্মৃতির সঙ্গেও জড়িয়ে আছেন তিনি। ‘হামসফর’ কিংবা ‘জিন্দেগি গুলজার হ্যায়’ দেখা দর্শকদের কাছে ফাওয়াদের আবেদন এখনো আলাদা। আবার ‘কাপুর অ্যান্ড সন্স’ কিংবা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর দর্শকদের কাছে তাঁর পরিচয় আরও বিস্তৃত।

জিও নিউজ, আইএমডিবি ও সিয়াসাত ডেইলির তথ্য অবলম্বনে