ফরিদপুর সদর এলাকায় প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফিরোজ শেখ (৩৮) নামের এক যুবককে আমৃত্যু বা যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই দণ্ডাদেশ দেন। পাশাপাশি জরিমানার টাকা সংগ্রহ করতে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে তা ক্ষতিগ্রস্ত শিশুটিকে প্রদানের জন্য ফরিদপুরের জেলা কালেক্টরকে আদেশ দিয়েছেন আদালত।
আদালতে রায় প্রদানের সময় ফিরোজ শেখ কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর পুলিশি নিরাপত্তায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সাজাপ্রাপ্ত ফিরোজ শেখ ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আজিদ শেখের সন্তান।
মামলার নথিপত্র ও আদালতের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২২ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে কৃষ্ণনগর এলাকার চাঁন ফকিরের প্রতিবন্ধী কন্যা চা-চিনি আনতে ঘর থেকে বের হন। যাওয়ার পথে ফিরোজ শেখ তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজ অটোভ্যানে তুলে নেন। পরবর্তী সময়ে ভবানীপুর মাঠের ফাঁকা একটি জায়গায় নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান তিনি। সে সময় শিশুটির আর্তনাদ শুনে ভীত হয়ে তাকে ওই স্থানে ফেলে রেখে সটকে পড়েন ফিরোজ।
এদিকে অনেক রাত হয়ে গেলেও মেয়ে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে তারা জানতে পারেন যে ফিরোজ শেখ শিশুটিকে অটোভ্যানে করে নিয়ে গেছেন। পরবর্তীতে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে রাত ১১টার দিকে ভবানীপুর মাঠ থেকে শিশুটিকে অচেতন ও বিপর্যস্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে বাবার কাছে পুরো ঘটনা খুলে বলে শিশুটি। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ওই ঘটনার পর থেকেই শিশুটির মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে।
ঘটনা ঘটার পাঁচ দিন পর শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হিরামন বিশ্বাস তদন্ত শেষে ফিরোজ শেখকে দায়ী করে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ফিরোজ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এই রায়ে রাষ্ট্রপক্ষ খুশি।