রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজশাহীতে বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজশাহীতে বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে রাজশাহী মহানগর ও জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, ‘এখন তারা আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ, এখন তাদের আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে। গত আট মাস এই জাতীয় ঐক্য কোথায় ছিল? ৫ আগস্টের পরে এই জাতীয় ঐক্য কোথায় ছিল?’

বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি জাতীয় ঐক্য ও জাতীয় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এতে জনগণের কাছে দলটির আস্থা কমেছে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনার বিচার এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছেন তাঁরা। গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু, ১৬ বছরের গুম-খুন এবং তিনটি বিতর্কিত নির্বাচনের বিচার হওয়া প্রয়োজন। কিন্তু গত দুই বছরে সেই বিচার নিশ্চিত করা হয়নি।

ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বর শেষ হওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, নতুন চুক্তি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পানিসম্পদমন্ত্রী ভারতের কাছে চিঠি পাঠিয়েও উত্তর পাননি বলে জানিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই পদ্মার পাড়ের মানুষদের, এই রাজশাহী অঞ্চলের মানুষদের মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত। তিস্তার পাড়কে যেমন শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ভারত, একইভাবে এখন এই রাজশাহী অঞ্চলকে চরে পরিণত করার, মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত।’

তিনি আরও বলেন, ‘আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা-সমাবেশ করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ তাঁর ভাষ্য, এবারের লড়াই সীমান্ত সুরক্ষিত করা, নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং গণতন্ত্র রক্ষার লড়াই।

বিএনপি সরকার দেশের সার্বভৌমত্ব ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে জনগণকে আবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা খুনি হাসিনার বিচার চাই। এই বাংলার মাটিতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হবে। খুনি হাসিনাকে অবশ্যই আসতে হবে।’

গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন সারজিসের

সমাবেশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি বলেন, ‘তারা অবৈধ অস্ত্র দেখে না, রামদা দেখে না, চায়নিজ কুড়াল দেখে না—সবকিছুকে তারা এখন লগি-বইঠা বলে আওয়ামী লীগকে কিছু কিছু মিডিয়া প্রাসঙ্গিক করার চেষ্টা করছে।’

সারজিস আলম আরও বলেন, ‘যাঁরা স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদন করবেন, যাঁরা ভারতের দালালি করবেন, টক শোর টেবিলে বসে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী আর সুশীল সেজে ওই ভারতের দালালি করবেন, আওয়ামী লীগের পা চাটবেন—তাঁদের এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে।’

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আবার সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিরোধ করবে এনসিপি।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘এই অঞ্চলকে আমরা মরুভূমি হতে দেব না, বাংলাদেশকে আমরা মরুভূমি হতে দেব না।’ গঙ্গা চুক্তির মাধ্যমে পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও নিষিদ্ধ করার দাবিও জানান।

সমাবেশের আগে নগরের আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। পরে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এনসিপির মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান ও জেলার সদস্যসচিব নাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী ও জেলার আহ্বায়ক এম এ সবুর।