রবিবার, 29 নভেম্বর 2026
সকল বিভাগ

মিয়ানমারের রাখাইন ও কায়া রাজ্যে সামরিক হামলায় নিহত ৪৯, আহত শতাধিক

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন ও পূর্বাঞ্চলীয় কায়া রাজ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় সামরিক বাহিনীর পৃথক বিমান ও গোলা হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ।

মিয়ানমারের রাখাইন ও কায়া রাজ্যে সামরিক হামলায় নিহত ৪৯, আহত শতাধিক
ছবি: সংগৃহীত

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন ও পূর্বাঞ্চলীয় কায়া রাজ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় সামরিক বাহিনীর পৃথক বিমান ও গোলা হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন ৯০ জনের বেশি মানুষ।

শনিবার চালানো এসব হামলার তথ্য স্থানীয় বাসিন্দা ও একজন ত্রাণকর্মীর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে সামরিক বাহিনীর প্রাণঘাতী হামলার কয়েক দিন পর এবং দেশটির সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় দেওয়ার প্রায় এক সপ্তাহ পর নতুন করে এসব হামলার ঘটনা ঘটল।

শনিবার রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরে একটি যুদ্ধবিমান থেকে পৃথকভাবে দুই দফা হামলা চালানো হয়। স্থানীয় একজন ত্রাণকর্মী এবং শহরটির নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ তথ্য জানিয়েছে।

আরাকান আর্মির মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দুটি ৫০০ পাউন্ডের বোমা ফেলা হয়। পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আরও দুটি বোমা নিক্ষেপ করা হয়।

একজন ত্রাণকর্মী জানান, এসব হামলায় শিশু ও বৃদ্ধসহ প্রায় ২৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন।

অন্যদিকে, কায়া রাজ্যের মো বাই এলাকায় বিমান, ড্রোন ও কামান ব্যবহার করে সম্মিলিত হামলা চালানো হয়। শনিবার দুপুরে চালানো এ হামলার সময় শান রাজ্যের সীমান্তবর্তী ওই এলাকার বাসিন্দা ও বাস্তুচ্যুত ব্যক্তিরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় একটি কিন্ডারগার্টেন ও স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি।

এ ঘটনায় অঞ্চলটির বিদ্রোহী নেতৃত্বাধীন স্থানীয় সরকার ‘কারেন্নি রাজ্যের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিষদ’ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে। ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে বিবৃতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের একটি স্কুল প্রাঙ্গণে সামরিক বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হন।

তবে হতাহতের সংখ্যা ও হামলার বিবরণ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

মিয়ানমারের বিরোধীদলীয় জাতীয় ঐক্য সরকারের সংরক্ষিত নথির তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত দেশটির সামরিক বাহিনী ৬ হাজার ৬৫৩টি পৃথক ঘটনায় ১৫ হাজার ৩২৭টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এতে এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।