বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা, আটক তিন শিক্ষার্থী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। আটক তিনজনই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

আটক শিক্ষার্থীরা হলেন আলিম দ্বিতীয় বর্ষের হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের মিনহাজ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোটকেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, তিনজনকে ভুয়া ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। বর্তমানে তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভুল্লী এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন।

আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।