বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

মধ্যরাতে ২৫০ বস্তা সরকারি সার পাচারের চেষ্টা, আ. লীগ নেতাসহ আটক ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাতের আঁধারে ২৫০ বস্তা সরকারি ডিএপি সার পাচারের চেষ্টার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ সময় সারবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

আটক এ কে এম ইলিয়াস হাওলাদার ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স হাওলাদার ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চান্দ্রা ইউনিয়ন কমিটির সহসভাপতি এবং ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে মালিগ্রাম বাজারের একটি গুদাম থেকে ট্রাকে ২৫০ বস্তা ডিএপি সার বোঝাই করা হয়। পরে এসব সার পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলায় পাচারের চেষ্টা করা হচ্ছিল।

মালিগ্রাম ফ্লাইওভারের নিচে ট্রাকটির চলাচল সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা সেটি আটকে দেন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন এবং ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। পাশাপাশি সার ডিলার ইলিয়াস হাওলাদার ও ট্রাকচালকের সহকারীকে আটক করে থানায় নেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে সারবোঝাই ট্রাকটি জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়েছে। আটক সার ডিলারের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাঁর ডিলারশিপ বাতিলের প্রক্রিয়াও নেওয়া হচ্ছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সার পাচারের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে সার পাচারের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ডিলারের লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।