ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তাঁদের গ্রেফতারের পর গুরুতর অপরাধ তদন্ত ইউনিটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একই ধরনের পরিকল্পনার অভিযোগে এর আগে মঙ্গলবার ভোরে দক্ষিণাঞ্চল থেকে তিন বেদুইন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে আরব দল রা’আমের পক্ষে ভোট দিতে ভোটারদের অর্থ দেওয়ার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের নিজেদের কর্মী হিসেবে শনাক্ত করেছে রা’আম। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে দলটি।
এদিকে, এ ঘটনা বিদেশি কোনো পক্ষের কথিত নির্বাচনি হস্তক্ষেপ নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের তদন্তের সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো স্পষ্ট নয়।