গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকালে জিটি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্নারসংলগ্ন সড়কে পুলিশের গাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে সকালে পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তাঁরা সেখানে জড়ো হন।