মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তাঁর হাতে ক্ষত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, দুপুর ১২টার দিকে হাসিব আল ইসলাম এক তরুণীকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় রিসোর্টের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি তাঁকে উদ্দেশ করে গালাগাল করেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান। এরপর আবারও আপত্তিকর মন্তব্য করে হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। তখন অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান হাসিব। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়া থেকে হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া যায়।
বালিশিরা রিসোর্টের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিন দিন আগে হাসিব ওই রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে তিনি ও ওই তরুণী রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তি চাপাতি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় হাসিব দৌড়ে আবার রিসোর্টে ফিরে আসেন। পরে তাঁর হাতে ক্ষত দেখতে পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে রক্তপাত বন্ধের চেষ্টা করে। কিছুক্ষণ পর তাঁরা আবার অটোরিকশায় রেলস্টেশনের দিকে রওনা হন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে হাসিব আল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাসের বাড়ি শ্রীমঙ্গলে। তিনি বলেন, ঘটনার পর হাসিব ট্রেনে করে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে আবার শ্রীমঙ্গলে ফিরবেন। তিনি এলে থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছেন। তবে এ বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’ হাসিবের ওপর হামলার বিষয়ে পুলিশ এখনো কোনো অভিযোগ পায়নি বলেও জানান তিনি।