মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ।

ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৫
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ।

স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৫৬৫ জন ভর্তি হয়েছেন। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে ২০৬, বরিশালে ২১১, খুলনায় ২২০, রাজশাহীতে ২২৯, রংপুরে ৭১, ময়মনসিংহে ৭৩ এবং সিলেটে ২০ জন ভর্তি হয়েছেন।

নতুন রোগী শনাক্তের ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। সে বছর শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।