একসময় কম্পিউটার গেমের গ্রাফিকস কার্ড নির্মাতা হিসেবে পরিচিত এনভিডিয়া এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এআই মডেল প্রশিক্ষণ, চ্যাটজিপিটির মতো সেবা পরিচালনা এবং ডেটা সেন্টারের কম্পিউটিংয়ে কোম্পানিটির তৈরি জিপিইউর ব্যাপক ব্যবহার রয়েছে। তবে এবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অ্যালিস হুয়াং নামের এক চীনা ব্যবসায়ী তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সন্দেহ। অভিযোগটি এখনো প্রমাণিত হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এফবিআইও বিষয়টি দেখছে। এদিকে বিনিয়োগকারীরা মামলা করেছেন, শেয়ারের দর কমেছে এবং চীনে চিপ বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপ বেড়েছে। ঘটনাটি নতুন করে সামনে এনেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক অবকাঠামোয় এনভিডিয়ার গুরুত্ব কতটা এবং প্রতিষ্ঠানটির নেতৃত্বকে ঘিরে সংকট তৈরি হলে তার প্রভাব কত দূর যেতে পারে।
৪০ হাজার ডলারে যাত্রা শুরু
১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের স্যান হোসের ডেনি’স রেস্তোরাঁয় বসে তিন প্রকৌশলী নতুন একটি চিপ কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। তাঁরা হলেন জেনসেন হুয়াং, ক্রিস মালাকভস্কি ও কার্টিস প্রিয়েম। তাঁদের প্রাথমিক পুঁজি ছিল মাত্র ৪০ হাজার ডলার। লক্ষ্য ছিল কম্পিউটারে গ্রাফিকসের কাজ দ্রুত করার জন্য বিশেষ হার্ডওয়্যার তৈরি করা।
তখন ব্যক্তিগত কম্পিউটারের প্রধান প্রসেসর বা সিপিইউ ত্রিমাত্রিক ছবি, ডিজিটাল ভিডিও ও মাল্টিমিডিয়ার কাজ সামলাতে হিমশিম খাচ্ছিল। প্রতিষ্ঠাতারা মনে করেছিলেন, ছবি ও গ্রাফিকসের জন্য আলাদা প্রসেসর তৈরি করা গেলে এসব কাজ দ্রুত করা সম্ভব হবে।
প্রথম দিকে তাঁদের প্রকল্পের নথিতে ‘এনভি’ অক্ষর ব্যবহার করা হতো। এর অর্থ ছিল ‘নেক্সট ভার্সন’ বা পরবর্তী সংস্করণ। পরে কোম্পানির নাম রাখা হয় এনভিডিয়া। নামটি এসেছে লাতিন শব্দ ইনভিডিয়া থেকে, যার অর্থ ঈর্ষা। তাঁদের লক্ষ্য ছিল এমন প্রযুক্তি তৈরি করা, যা দেখে প্রতিদ্বন্দ্বীরা ঈর্ষা করবে।
কিশোর বয়সে জেনসেন হুয়াং স্যান হোসের ডেনি’স রেস্তোরাঁয় বাসন ধুতেন। পরে সেখানেই বসে এনভিডিয়া প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। ১৯৬৩ সালে তাইওয়ানে জন্ম নেওয়া হুয়াং ৯ বছর বয়সে বড় ভাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। কেনটাকির একটি আবাসিক স্কুলে থাকার সময় তাঁকে স্কুলের শৌচাগার পরিষ্কারের কাজও করতে হতো।
পরে তিনি ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক হন। সেমিকন্ডাক্টর কোম্পানি এলএসআই লজিক ও এএমডিতে কাজ করে এ খাতের অভিজ্ঞতা অর্জন করেন। সান মাইক্রোসিস্টেমসের দুই প্রকৌশলী মালাকভস্কি ও প্রিয়েমের সঙ্গে পরিচয়ের সূত্রে তিনজন একসঙ্গে নতুন কোম্পানি গড়ার সিদ্ধান্ত নেন।
তিন দশকের বেশি সময় ধরে এনভিডিয়ার প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন হুয়াং। কোম্পানির পণ্য ও দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি অনুষ্ঠানে কালো চামড়ার জ্যাকেট পরে হাজির হওয়া তাঁর পরিচয়ের অংশ হয়ে উঠেছে। তাইওয়ানের সংবাদমাধ্যম তাঁর জনপ্রিয়তা বোঝাতে ‘জেনসেনিটি’ শব্দটি ব্যবহার করেছে।
ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো
১৯৯৫ সালে এনভিডিয়া প্রথম বাণিজ্যিক পণ্য এনভি১ বাজারে আনে। ত্রিমাত্রিক ছবি তৈরিতে এতে বাঁকানো পৃষ্ঠের নকশা ব্যবহার করা হয়েছিল। কিন্তু শিল্পের প্রচলিত নকশা ছিল ত্রিভুজভিত্তিক। মাইক্রোসফটের ডাইরেক্টএক্সও ওই নকশার উপযোগী করে তৈরি হওয়ায় এনভি১ অনেক সফটওয়্যার ও গেমের সঙ্গে ঠিকমতো কাজ করেনি। ফলে পণ্যটির বিক্রি কমে যায়।
এদিকে জাপানের গেম নির্মাতা প্রতিষ্ঠান সেগার কনসোলের জন্য প্রসেসর তৈরির চুক্তি পায় এনভিডিয়া। কিন্তু প্রকৌশলীরা বুঝতে পারেন, তাঁদের নকশায় ভুল রয়েছে। হুয়াং সেগাকে জানান, চুক্তি অনুযায়ী প্রসেসর সরবরাহ করা সম্ভব হবে না। তবে সেগার প্রধান নির্বাহী তাঁর ওপর আস্থা রেখে এনভিডিয়ায় ৫০ লাখ ডলার বিনিয়োগ করেন। হুয়াংয়ের ভাষ্য অনুযায়ী, তখন কোম্পানির হাতে আর মাত্র ৩০ দিন চলার মতো অর্থ ছিল। কর্মী ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৩৫ জনে।
১৯৯৭ সালে ত্রিভুজভিত্তিক নকশা ও ডাইরেক্টএক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে রিভা ১২৮ বাজারে আনে এনভিডিয়া। কয়েক মাসের মধ্যে ১০ লাখের বেশি চিপ বিক্রি হয়। এ অভিজ্ঞতা থেকে হুয়াং বুঝেছিলেন, ভুল কৌশল দ্রুত পরিবর্তন করা জরুরি।
১৯৯৯ সালে নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এনভিডিয়া। একই বছর জিফোর্স ২৫৬ বাজারে এনে প্রতিষ্ঠানটি প্রথমবার ‘জিপিইউ’ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট নামটি ব্যবহার করে। জিপিইউর অনেক প্রসেসিং কোর একসঙ্গে হিসাব করতে পারে। ফলে গেমের গ্রাফিকসের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসা ও আবহাওয়ার পূর্বাভাসের মতো কাজেও এ চিপ ব্যবহারের সুযোগ তৈরি হয়।
২০০৭ সালের দিকে এনভিডিয়া কুডা সফটওয়্যার চালু করে। এর মাধ্যমে প্রোগ্রামাররা গ্রাফিকসের বাইরের হিসাব-নিকাশের কাজেও জিপিইউ ব্যবহার করতে পারেন। হুয়াং সিদ্ধান্ত নেন, কম দামের গেমিং কার্ডসহ সব জিপিইউতে কুডা যুক্ত করবেন। এতে খরচ বাড়লেও তিনি এ খাতে বিনিয়োগ চালিয়ে যান।
বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে কুডা জনপ্রিয় হয়ে ওঠে। সফটওয়্যার নির্মাতারা এতে অভ্যস্ত হয়ে পড়ায় অন্য চিপে যেতে হলে তাঁদের কোড নতুন করে লিখতে হতো। হার্ডওয়্যার ও সফটওয়্যারের এই সমন্বয় এনভিডিয়াকে বড় সুবিধা দেয়।
২০১২ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দুটি এনভিডিয়া জিফোর্স কার্ড ব্যবহার করে অ্যালেক্সনেট নামের একটি নিউরাল নেটওয়ার্ক প্রশিক্ষণ দেন। ইমেজনেট প্রতিযোগিতায় এর সাফল্য দেখিয়ে দেয়, জটিল এআই মডেলের বিপুল পরিমাণ হিসাব জিপিইউ দিয়ে দ্রুত করা সম্ভব।
এরপর এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য জিপিইউ এবং কুডা উন্নত করতে থাকে এনভিডিয়া। ২০১৬ সালে হুয়াং ওপেনএআইয়ের কার্যালয়ে কোম্পানির প্রথম বিশেষায়িত এআই সুপারকম্পিউটার ডিজিএক্স ১ পৌঁছে দেন।
২০১৭ ও ২০১৮ সালে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের চাহিদা বাড়ায় জিপিইউর সংকট তৈরি হয়। পরে এ বাজারে চাহিদা কমে গেলে এনভিডিয়ার অবিক্রীত চিপ জমে যায়। ২০১৮ সালে কোম্পানিটি আরটিএক্স সিরিজ বাজারে আনে। এতে থাকা রে ট্রেসিং প্রযুক্তি গেমের আলো, ছায়া ও প্রতিবিম্বকে আরও বাস্তবভাবে দেখাতে পারে।
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি চালু হওয়ার পর এআই মডেল প্রশিক্ষণ এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর তৈরির জন্য শক্তিশালী চিপের চাহিদা দ্রুত বাড়ে। এনভিডিয়ার এইচ১০০ চিপ এ কাজে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মাইক্রোসফট, গুগল, মেটা ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠান চিপ কেনার প্রতিযোগিতায় নামে।
২০২৩ সালের মে মাসে প্রত্যাশার চেয়ে বেশি আয় দেখানোর পর এক দিনেই এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ২৪ শতাংশ বেড়ে যায়। ওই মাসে কোম্পানির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়ায়। ২০২৪ সালের শুরুতে তা ২ ট্রিলিয়ন এবং বছরের মাঝামাঝি ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করে। বর্তমানে কোম্পানির আয়ের বড় অংশ আসে ডেটা সেন্টার ও এআই খাত থেকে।
এনভিডিয়ার চিপ এখন ডেটা সেন্টার, এআই গবেষণা, ক্লাউড সেবা ও জাতীয় প্রযুক্তিগত সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। ফলে এইচ১০০র মতো শক্তিশালী চিপ কারা পাবে এবং কোথায় ব্যবহার হবে, তা শুধু ব্যবসায়িক বিষয় নয়; এর সঙ্গে জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতিও জড়িয়ে গেছে।
চীনে চিপ বিক্রি নিয়ে টানাপোড়েন
যুক্তরাষ্ট্র ২০২২ সাল থেকে চীনে উন্নত এআই চিপ বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে। দেশটির যুক্তি, এর মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগামিতা ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা সম্ভব হবে। এ বিধিনিষেধের কারণে চীনের বড় বাজারে এনভিডিয়ার ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে এসব নিষেধাজ্ঞা শিথিল করার পক্ষে কথা বলে আসছেন। তাঁর যুক্তি, চীনে মার্কিন চিপ বিক্রি বন্ধ হলে হুয়াওয়ের মতো দেশীয় প্রতিষ্ঠান শক্তিশালী হবে। বরং মার্কিন প্রযুক্তি বিশ্বজুড়ে ব্যবহৃত হলে যুক্তরাষ্ট্র প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারবে।
২০২৫ সালে ট্রাম্প প্রশাসন চীনে এআই চিপ বিক্রির কিছু বিধিনিষেধ শিথিল করে। এনভিডিয়াকে তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন চিপ বিক্রির অনুমতি দেওয়া হয়। পরে কোম্পানির দ্বিতীয় শক্তিশালী চিপ চীনে বিক্রির চুক্তি হয়। বলা হয়, এ বিক্রির আয়ের ২৫ শতাংশ যুক্তরাষ্ট্র পাবে। ব্ল্যাকওয়েল চিপ বিক্রির অনুমতি দেওয়ার বিষয়টিও ট্রাম্প বিবেচনা করেছিলেন, তবে পরে সেই পরিকল্পনা থেকে সরে আসেন।
হুয়াং বলেছেন, চীনের হাতে ব্ল্যাকওয়েল বা আসন্ন রুবিনের মতো এনভিডিয়ার সবচেয়ে উন্নত চিপ থাকা উচিত নয়। তবে তাঁর মতে, মার্কিন প্রযুক্তি বিশ্বজুড়ে ব্যবহৃত হওয়া দরকার, যাতে তা বৈশ্বিক মানদণ্ডে পরিণত হতে পারে।
নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, বাণিজ্যিক পথে চিপ এমন প্রতিষ্ঠানের কাছে যেতে পারে, যারা পরে সেগুলো চীনে পাঠাবে। মেগাস্পিডকে ঘিরে অভিযোগ এই উদ্বেগ আরও বাড়িয়েছে।
অ্যালিস হুয়াং ও মেগাস্পিড
চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের আরেক নাম হুয়াং লে। সাংহাইয়ের বিনিয়োগ খাতে কাজ করার পর ২০২৩ সালের মার্চে তিনি সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের নিয়ন্ত্রণকারী শেয়ারধারী হন। প্রতিষ্ঠানটি নিজেদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এনভিডিয়ার ক্লাউড অংশীদার হিসেবে পরিচয় দেয়। অ্যালিস ও জেনসেন হুয়াংয়ের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।
পর্যালোচনা করা বাণিজ্যিক নথি অনুযায়ী, অ্যালিস ২০২৩ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মেগাস্পিড দক্ষিণ-পূর্ব এশিয়ায়, বিশেষ করে মালয়েশিয়ায়, ডেটা সেন্টার তৈরি করে সেখানকার কম্পিউটিং সক্ষমতা আলিবাবার কাছে ভাড়া দিয়েছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সন্দেহ, এর মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলো রপ্তানি নিয়ন্ত্রণের আওতায় থাকা এনভিডিয়ার চিপ ব্যবহার করে থাকতে পারে। সরাসরি চীনে চিপ পাঠানোর অভিযোগও রয়েছে।
বাণিজ্যিক নথিতে মেগাস্পিডের ইন্দোনেশীয় সহযোগী প্রতিষ্ঠানের ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে এইচ১০০ চিপ ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানির তথ্য পাওয়া গেছে। তবে শুধু এসব তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের রপ্তানি আইন লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হওয়া যায় না।
জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ
অ্যালিস ও জেনসেন হুয়াংয়ের প্রথম পরিচয় কবে হয়েছিল, তা জানা যায়নি। ২০২৪ সালের জুনে তাইপেতে কম্পিউটেক্স প্রদর্শনীর সময় একটি অনুষ্ঠানে তাঁদের পাশাপাশি দেখা যায়। পরের বছরের মে মাসে হুয়াংয়ের আয়োজিত এক নৈশভোজেও তাঁরা উপস্থিত ছিলেন। একটি প্রতিবেদনে বলা হয়, তাঁরা একই গাড়িতে করে সেখান থেকে চলে যান।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অ্যালিসকে চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন। তাঁদের সন্দেহ, জেনসেনের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে তিনি বেইজিংকে তথ্য দিয়েছেন। তবে এ গোয়েন্দা তৎপরতার অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। চীন অভিযোগ অস্বীকার করেছে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, অ্যালিসের বিরুদ্ধে তাদের আলাদা কোনো তদন্ত হয়নি।
এনভিডিয়া বলেছে, জেনসেন প্রতিবছর হাজারো গ্রাহক প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এশিয়ায় ক্লাউড গ্রাহকেরা সাধারণ ব্যবসায়িক তথ্য পান, কোম্পানির গোপন তথ্য কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য নয়।
জেনসেনের ভাষ্য, মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার যোগাযোগ স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্কের অংশ ছিল। চিপগুলো কোথায় ব্যবহার হয়েছে, তা কোম্পানি খতিয়ে দেখেছে।
অভিযোগ থেকে তদন্ত: ঘটনাক্রম
২০২৬ সালের ২৯ অক্টোবর একটি প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংয়ের বিষয়ে তদন্ত করেছে। তাঁর বিরুদ্ধে বেইজিংয়ে তথ্য পাঠানো এবং চিপ রপ্তানি নিয়ন্ত্রণ এড়াতে সহায়তার সন্দেহ ছিল। এর আগে জেনসেন ব্লুমবার্গকে বলেছিলেন, মেগাস্পিডের কাছে পাঠানো জিপিইউ কোথায় ব্যবহার হচ্ছে, তা এনভিডিয়া পরীক্ষা করেছে।
৩০ অক্টোবর অ্যালিসের সঙ্গে চীনা গোয়েন্দাদের যোগসূত্রের সন্দেহ নিয়ে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। চীন অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে।
৩১ অক্টোবর সিঙ্গাপুর সরকার জানায়, অ্যালিসের বিষয়ে তাদের আলাদা কোনো তদন্ত হয়নি এবং তাঁর সঙ্গে জেনসেনের সম্পর্ক নিয়ে সিঙ্গাপুরের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেননি। তবে মেগাস্পিডের বিষয়ে পুলিশের তদন্ত চলছিল। সিঙ্গাপুর পুলিশ জানায়, তারা অন্য দেশের একতরফা রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর করে না। তবে আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে অন্য দেশের নিয়মকানুন বিবেচনায় নিতে হবে।
৪ ও ৫ নভেম্বর প্রতিনিধি পরিষদের তিন রিপাবলিকান কমিটি প্রধান জেনসেনের কাছে রুদ্ধদ্বার ব্রিফিং চান। ১৮ নভেম্বর তাঁকে হাজির হতে বলা হয়। অ্যালিসের সঙ্গে তাঁর যোগাযোগ এবং বিদেশি গোয়েন্দা তৎপরতা থেকে সংবেদনশীল তথ্য সুরক্ষায় এনভিডিয়ার ব্যবস্থা সম্পর্কে তাঁরা জানতে চান। এনভিডিয়া জানায়, এশিয়ায় তাদের ক্লাউড গ্রাহকেরা সাধারণ ব্যবসায়িক তথ্য পান, কোম্পানির গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সংবেদনশীল তথ্য নয়।
৮ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্তের ঘোষণা দেয়। বোর্ড জানায়, এখন পর্যন্ত কোম্পানির গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। হুয়াং তদন্তে সহযোগিতা করবেন এবং প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।
একই দিন কর্মীদের কাছে পাঠানো বার্তায় হুয়াং স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন, দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান। তবে ওই বার্তায় তিনি অ্যালিসের নাম উল্লেখ করেননি।
৯ নভেম্বর ট্রাম্প জানান, এফবিআই বিষয়টি দেখছে। তাঁর ভাষ্য অনুযায়ী, হুয়াং তাঁকে বলেছেন, অ্যালিস গুপ্তচর ছিলেন—এ কথা তিনি জানতেন না।
ওই দিন এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৩ শতাংশ কমে যায়। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১৯০ বিলিয়ন ডলার কমে। একই দিন শেয়ারধারীদের একটি দল এনভিডিয়া ও হুয়াংয়ের বিরুদ্ধে মামলা করে। তাঁদের অভিযোগ, হুয়াংয়ের কথিত সম্পর্ক এবং সম্ভাব্য জাতীয় নিরাপত্তা ও ব্যবসায়িক ঝুঁকির কথা বিনিয়োগকারীদের জানানো হয়নি। তবে মামলার অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।
কোম্পানি ও বাজারে সম্ভাব্য প্রভাব
এনভিডিয়ার পণ্য, কৌশল ও দৈনন্দিন নেতৃত্বে হুয়াং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কোম্পানির অনেক নির্বাহী সরাসরি তাঁর কাছে কাজের প্রতিবেদন দেন। ফলে তাঁকে ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করতে পারে। বাজার বিশ্লেষকেরা আরও বলেছেন, তাঁর উত্তরসূরি কে হবেন, তা স্পষ্ট নয়। এতে তদন্তের পাশাপাশি কোম্পানির নেতৃত্বের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
মার্কিন আইনপ্রণেতারা অ্যালিসের সঙ্গে জেনসেনের যোগাযোগ এবং চিপ সরবরাহব্যবস্থা নিয়ে আরও তথ্য চাইছেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস বলেছেন, কংগ্রেসের এ বিষয়ে উত্তর প্রয়োজন। চীনে চিপ বিক্রিতে আরও বিধিনিষেধ আরোপের পক্ষেও তিনি কথা বলেছেন।
বিতর্কের কেন্দ্রে রয়েছে, চীনে চিপ বিক্রি সীমিত করলে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, নাকি মার্কিন প্রযুক্তির ওপর তাদের নির্ভরতা বাড়ানো সম্ভব হবে।
এনভিডিয়ার শেয়ারের দর কমলেও এআই কোম্পানির শেয়ারের মূল্যায়ন নিয়ে বাজারে আগে থেকেই উদ্বেগ ছিল। এক বিশ্লেষকের মতে, এআই খাতে শেয়ারের মূল্যায়ন অনেক বেড়েছে এবং রাজনৈতিক নজরদারিও বাড়ছে। এআই ঘিরে বাজারের উত্থান থেমে গেলে শেয়ারবাজার ও অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। এনভিডিয়ার চিপ বহু ডেটা সেন্টার ও এআই মডেলের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় কোম্পানির নেতৃত্ব, চিপ সরবরাহ কিংবা রপ্তানি নীতিতে বড় পরিবর্তনের প্রভাব প্রতিষ্ঠানটির বাইরেও পড়তে পারে।
এনভিডিয়া চিপের নকশা ও সফটওয়্যার তৈরি করলেও নিজস্ব কারখানায় চিপ উৎপাদন করে না। উন্নত চিপ তৈরির জন্য তারা প্রায় পুরোপুরি তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসির ওপর নির্ভরশীল। অল্প কয়েকটি কারখানার ওপর এ নির্ভরতা ভূরাজনৈতিক উত্তেজনা কিংবা উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করে।
অন্যদিকে এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে গুগল, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো বড় ক্লাউড প্রতিষ্ঠান নিজেদের এআই চিপ তৈরি করছে। প্রতিদ্বন্দ্বীরাও বিকল্প চিপ ও সফটওয়্যার ব্যবস্থা আনছে। এআইয়ের চাহিদা যেমন এনভিডিয়াকে দ্রুত বড় করেছে, তেমনি প্রতিযোগীদের বিকল্প প্রযুক্তি তৈরিতেও উৎসাহিত করেছে।
অভিযোগের নিষ্পত্তি এখনো হয়নি
দীর্ঘমেয়াদি বিনিয়োগ, ব্যর্থতা থেকে দ্রুত ঘুরে দাঁড়ানো এবং জিপিইউকে গেমিংয়ের বাইরেও ব্যবহারের উপযোগী করে তোলার কৌশল এনভিডিয়ার উত্থানে বড় ভূমিকা রেখেছে।
তবে অ্যালিস হুয়াংকে ঘিরে অভিযোগ এখন কোম্পানির নেতৃত্ব, নিরাপত্তা ও চীনে ব্যবসা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। সিঙ্গাপুর জানিয়েছে, অ্যালিসের বিষয়ে তাদের আলাদা তদন্ত হয়নি, যদিও মেগাস্পিডের বিষয়ে পুলিশের তদন্ত চলেছে। এনভিডিয়ার পরিচালনা পর্ষদও জানিয়েছে, এখন পর্যন্ত গোপন তথ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ তারা পায়নি।
অভিযোগের সত্যতা এবং এনভিডিয়ার ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব নির্ধারিত হবে তদন্ত ও আইনি প্রক্রিয়ার ফলের ভিত্তিতে।